অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিলবারা ক্রাটন অঞ্চলে পাওয়া প্রাচীন শিলা পরীক্ষা করে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের জিওকেমিস্ট ড. এরিক ভ্যান্ডেনবার্গ ও তার নেতৃত্বাধীন আন্তর্জাতিক গবেষক দল নিশ্চিত করেছেন যে, তিনশ কোটি বছরেরও বেশি সময় আগে পৃথিবীর অভ্যন্তরে পানি পৌঁছাত। এই পানি পৃথিবীর গভীরে ম্যাগমা তৈরি এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর শুরুর দিকের অবস্থা আধুনিক যুগের মতো ছিল না। তখন আধুনিক প্লেট টেকটোনিক্সের প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠেনি। তাই অতীতে কীভাবে ভূপৃষ্ঠের পানি গভীরে পৌঁছেছে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। নতুন এই গবেষণায় উঠে এসেছে, ‘ড্রিপডাকশন’ নামক এক বিশেষ প্রক্রিয়ায় পৃথিবীর বাইরের স্তরের ভারী ও পানি সমৃদ্ধ অংশগুলো সময়ের সাথে সাথে নিচের উত্তপ্ত ম্যান্টলে তলিয়ে যেত।
পিলবারা অঞ্চলে পাওয়া প্রায় ৩১০ কোটি বছরের পুরনো শিলা থেকে এই রাসায়নিক প্রমাণ মিলেছে। ড. ভ্যান্ডেনবার্গের মতে, এটি প্রমাণ করে যে আদি পৃথিবী আজকের তুলনায় অনেক বেশি গতিশীল ছিল এবং সেই সময় থেকেই পৃথিবী তার পৃষ্ঠের পানির পুনর্ব্যবহার শুরু করেছিল। এই প্রক্রিয়াটি কেবল আগ্নেয়গিরির অগ্নুৎপাতেই প্রভাব ফেলেনি, বরং মহাদেশ গঠন এবং জীবনের বিকাশে প্রয়োজনীয় উপাদানগুলোর সঞ্চালনেও ভূমিকা রেখেছে।
এই গবেষণায় অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় ছাড়াও মোনাস বিশ্ববিদ্যালয়, কার্টিন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, কার্ডিফ ইউনিভার্সিটি এবং জার্মানির জিওমার হেলমহোল্টজ সেন্টার ফর ওশান রিসার্চের গবেষকরা অংশ নিয়েছেন। নেচার কমিউনিকেশনস জার্নালে এই ফলাফল প্রকাশিত হয়েছে।