বয়স বাড়লেও মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখার নতুন উপায় আবিষ্কার

September 14, 2026

ভারতের বিভিন্ন অঞ্চলের ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের ধূসর অংশ বা গ্রে ম্যাটার বয়সের সঙ্গে হ্রাস পেলেও মস্তিষ্কের ভেতরে থাকা সূক্ষ্ম স্নায়ুর সংযোগগুলো চিন্তাশক্তি ও ভাষাগত দক্ষতা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের কেক স্কুল অব মেডিসিন অব ইউএসসির গবেষকরা এই নতুন তথ্য উন্মোচন করেছেন।

গবেষণাটি অ্যালঝাইমার্স অ্যান্ড ডিমেনশিয়া জার্নালে প্রকাশিত হয়েছে। এতে ৪৫৯ জন বয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ইমেজিং ও তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা যাচাই করা হয়। মূলত মস্তিষ্কের ধূসর অংশের নিচে থাকা ‘সুপারফিশিয়াল হোয়াইট ম্যাটার’ বা সাদা অংশের সংযোগগুলো কীভাবে কাজ করে, তা-ই ছিল এই গবেষণার মূল লক্ষ্য।

গবেষকদের মতে, সুপারফিশিয়াল হোয়াইট ম্যাটার হলো স্নায়ুতন্তুর একটি পাতলা স্তর, যা মস্তিষ্কের নিকটবর্তী অংশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে। এই স্নায়ুগুলোকে স্থানীয় সড়কের সঙ্গে তুলনা করা যায়, যা ধূসর অংশের কোষগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত রাখে।

গবেষণার প্রধান লেখক এবং স্টিভেন্স আইএনআই-এর পোস্টডক্টরাল স্কলার ইংক্সু লিউ জানান, ধূসর অংশ তথ্য প্রক্রিয়াজাত করে এবং এই সাদা অংশের স্নায়ুগুলো সেই তথ্যের আদান-প্রদানে সহায়তা করে। ধূসর অংশ কমে গেলেও যদি এই সাদা অংশের স্নায়ুগুলো সুস্থ থাকে, তবে বয়স্ক ব্যক্তিদের চিন্তাশক্তি ও ভাষাগত দক্ষতা অনেক বেশি কার্যকর থাকে।

গবেষকরা উন্নত ডিফিউশন এমআরআই প্রযুক্তি ব্যবহার করে এই স্নায়ুতন্তুর ঘনত্ব ও অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এতে দেখা গেছে, যাদের মস্তিষ্কের এই অভ্যন্তরীণ সংযোগগুলো তুলনামূলক ভালো, তারা ভাষাগত পরীক্ষায় অন্যদের চেয়ে ভালো ফলাফল করেছেন। বিশেষ করে শব্দ চেনা, সাবলীল কথা বলা এবং তথ্য মনে রাখার ক্ষেত্রে এই সংযোগগুলো রক্ষাকবচ হিসেবে কাজ করে।

বিজ্ঞানীরা মনে করছেন, একই পরিমাণ ধূসর অংশ হারিয়েও কেন দুইজন মানুষের বুদ্ধিবৃত্তিক অবস্থার ভিন্নতা ঘটে, তা এই গবেষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে। মস্তিষ্কের এই অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বয়স্কদের ক্ষেত্রে মানসিক সক্ষমতা বজায় রাখার একটি উৎস হতে পারে। তবে ভবিষ্যতে নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন যে, এই সংযোগগুলো অক্ষুণ্ণ রাখা গেলে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকি কতটা কমানো সম্ভব।

Leave a Comment