ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে হুথি বাহিনীর সামরিক তৎপরতা ও সংঘাত বৃদ্ধি পাওয়ায় প্রাণ বাঁচাতে দুই হাজারের বেশি ইয়েমেনি নাগরিক জিবুতিতে আশ্রয় নিয়েছেন। মূলত পশ্চিম উপকূলে সংঘাত তীব্র আকার ধারণ করায় সাধারণ মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন।
ইয়েমেনের অভ্যন্তরেও এই সংকটের প্রভাব ভয়াবহ। কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকাগুলোতে হুথি যোদ্ধারা নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করায় দেশটিতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে।
দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের জেরে ইয়েমেনের সাধারণ মানুষের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলো রণক্ষেত্রে পরিণত হওয়ায় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন।
লোহিত সাগরের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের লড়াইয়ে হুথিদের এই অগ্রসর হওয়াকে অঞ্চলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় মানবিক বিপর্যয় আরও প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।