ফ্রান্সের প্যারিসে ইউরোপের বৃহত্তম কনসার্ট ভেন্যু লা ডিফেন্স অ্যারেনায় দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে আবারও মঞ্চে ফিরেছেন বিশ্বখ্যাত কানাডিয়ান পপ তারকা সেলিন দিওন। শনিবার রাতে আয়োজিত এই কনসার্টে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, মঞ্চে ফেরার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। দীর্ঘ সময় অসুস্থতার সাথে লড়াই করা ৫৮ বছর বয়সী এই শিল্পী বলেন, আমি আপনাদের জন্য এবং নিজের জন্য গান গাইতে এসেছি। আমার সবকিছুই আপনাদের ভালোবাসার ফসল।
২০২২ সালে স্টিফ পার্সন সিনড্রোম নামক বিরল স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার পর সেলিন দিওনকে দীর্ঘ সময় সংগীত থেকে দূরে থাকতে হয়েছিল। ২০২০ সালে নিউ জার্সিতে কনসার্টের পর এটিই তার পূর্ণাঙ্গ কোনো পরিবেশনা। মাঝে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে তিনি একটি গানে কণ্ঠ দিয়েছিলেন।
কনসার্ট চলাকালীন একাধিকবার আবেগপ্রবণ হয়ে পড়েন এই শিল্পী। কান্নায় ভেঙে পড়ে তিনি দর্শকদের বলেন, আমি নিজেকে কথা দিয়েছিলাম কাঁদব না, কিন্তু আপনাদের সবাইকে দেখে আমি খুবই আনন্দিত। আমি আপনাদের মিস করেছি।
কনসার্টে উপস্থিত সমালোচক ও দর্শকরা তার এই ফিরে আসাকে অত্যন্ত সাহসিকতার পরিচয় হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও শুরুর দিকে তার কণ্ঠ কিছুটা কাঁপা কাঁপা ছিল, তবে সময়ের সাথে সাথে তিনি আত্মবিশ্বাস ফিরে পান। তার এই রেসিডেন্সি শোয়ের আওতায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসজুড়ে মোট ২৬টি কনসার্ট হওয়ার কথা রয়েছে।
সেলিন দিওনের এই প্রত্যাবর্তন ঘিরে প্যারিস শহরজুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। কনসার্টের টিকিট না পাওয়া ভক্তদের জন্য শহরের বিভিন্ন স্থানে কারাওকে ইভেন্ট ও থিমভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী মে মাসে তার আরও ১০টি কনসার্টের তারিখ ঘোষণা করা হয়েছে, যেগুলোর টিকিটও ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।