যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভিডিও গেমভিত্তিক নতুন চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স এবং গেম নির্মাতা প্রতিষ্ঠান সেগা। ভিডিও গেমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দর্শকদের জন্য নতুন কন্টেন্ট নিয়ে আসার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রেজি ট্যাক্সি ও স্ট্রেঞ্জার দ্যান হেভেন
নেটফ্লিক্সের নতুন প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম হলো ভিডিও গেম সিরিজ ‘ক্রেজি ট্যাক্সি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। লাইভ-অ্যাকশন ঘরানার এই কমেডি সিনেমাটির চিত্রনাট্য লিখছেন ড্যান গ্রেগর এবং ডগ ম্যান্ড। এছাড়া আরজিজি স্টুডিওর আসন্ন গেম ‘স্ট্রেঞ্জার দ্যান হেভেন’ অবলম্বনে একটি লাইভ-অ্যাকশন ক্রাইম সিনেমা তৈরির কাজও শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারি গেমটি পিসি ও কনসোলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সনিকের নতুন সিরিজ
গেম অভিযোজনের অংশ হিসেবে সনিক প্রাইমের পর প্রি-স্কুল শিশুদের জন্য সনিকের নতুন একটি অ্যানিমেটেড সিরিজ তৈরি করছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, এটি একটি উচ্চক্ষমতাসম্পন্ন এবং আবেগপূর্ণ সিরিজ হবে, যা শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে।
অন্যান্য কার্যক্রম
ভিডিও গেম নিয়ে নেটফ্লিক্সের পরিকল্পনায় আরও অনেক প্রজেক্ট রয়েছে। এর মধ্যে অ্যাসাসিন্স ক্রিড সিরিজের লাইভ-অ্যাকশন এবং ওভারকুকড গেমের আদলে রান্নার রিয়্যালিটি শো উল্লেখযোগ্য। এছাড়া ব্লিজার্ডের ডিয়াবলো সিরিজের একটি অ্যানিমেটেড শো নেটফ্লিক্সে আসার অপেক্ষায় রয়েছে এবং আগামী মাসেই সাইবারপাঙ্ক: এজ রানারস সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে।