সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর আল-বাব এলাকায় বাস্তুচ্যুত মানুষ জীবন ধারণের জন্য পাহাড়সম জ্বলন্ত আবর্জনার স্তূপে কাজ করছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, গৃহযুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো মানুষগুলো টিকে থাকার ন্যূনতম উপায় হিসেবে এই আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক বা ধাতব সামগ্রীর মতো পুনর্ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহের কাজ করছেন।
দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের ফলে সিরিয়ার অর্থনীতি বিপর্যস্ত এবং কয়েক মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে জীবন বাঁচাতে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বিষাক্ত ধোঁয়া ও আগুনের মধ্যে আবর্জনা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই মানুষগুলোর কাছে কোনো বিকল্প আয়ের উৎস নেই। বাস্তুচ্যুত হওয়ার পর মানবেতর জীবনযাপন করা এসব মানুষের সামনে এখন প্রধান লক্ষ্য কেবল কোনোমতে খাবার জোগাড় করা।