তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইরানি ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাংক মিল্লাতের তুরস্ক শাখার কার্যক্রমের লাইসেন্স বাতিল করেছে দেশটির ব্যাংকিং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। শনিবার সরকারি গেজেটে প্রকাশিত তুরস্কের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সির (বিডিডিকে) এক সিদ্ধান্তে তেহরানের প্রধান কার্যালয় পরিচালিত এই শাখার লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত
রেগুলেটর কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কের ব্যাংকিং আইনের একটি ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যাংকের কার্যক্রম যদি আমানতকারীদের অধিকার বা দেশের আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত হয়, তবে কর্তৃপক্ষ তার লাইসেন্স বাতিল বা প্রত্যাহার করতে পারে। তবে তুরস্কের পক্ষ থেকে দেওয়া ওই নোটিশে যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা বা নির্দিষ্ট কোনো পরিচালনগত সমস্যার কথা উল্লেখ করা হয়নি।
প্রেক্ষাপট
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বছরের পর বছর ধরে ব্যাংক মিল্লাত পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তির মধ্যে হওয়া পারমাণবিক চুক্তি অনুযায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে ব্যাংক মিল্লাতকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত ২৫টি প্রতিষ্ঠানের একটি হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো নতুন করে নিষেধাজ্ঞা দেয়।
সাম্প্রতিক পরিস্থিতি
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কের একটি ছোট বিনিয়োগ ব্যাংক গোল্ডেন গ্লোবাল ইয়াতিরিম ব্যাংকাসি ও তার দুটি অঙ্গপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, গোল্ডেন গ্লোবাল ব্যাংক আইআরজিসি-কুডস ফোর্সের জন্য কয়েক কোটি ডলারের লেনদেনে সহায়তা করেছে। তবে গোল্ডেন গ্লোবাল ব্যাংক এ অভিযোগ অস্বীকার করেছে।