যুক্তরাষ্ট্রের বাজারে চলতি গ্রীষ্মে অ্যাপল ও স্যামসাং তাদের নতুন স্মার্টওয়াচ সিরিজ উন্মোচন করেছে। অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ এবং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২ নামের এই হাই-এন্ড ডিভাইসগুলোর ফিচার ও সক্ষমতা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। অ্যানা ওয়াশেঙ্কো তার প্রতিবেদনে এই দুই ডিভাইসের মূল পার্থক্যগুলো তুলে ধরেছেন।
উপাদান ও স্থায়িত্ব
দুটি ওয়াচই টাইটানিয়াম বডিতে তৈরি এবং বেশ টেকসই। অ্যাপল ও স্যামসাং উভয়ই পানির নিচে ১০০ মিটার পর্যন্ত গভীরতায় ব্যবহারের নিশ্চয়তা দেয়। অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪-এর আইপি৬এক্স ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২-এ আইপি৬৯কে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার যুক্ত করা হয়েছে।
প্রসেসর ও স্টোরেজ
হার্ডওয়্যারের দিক থেকে ডিভাইস দুটি সম্পূর্ণ আলাদা। গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২-এ স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট চিপ এবং গুগল জেমিনাই এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। এতে ২ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। অন্যদিকে, অ্যাপল তাদের নতুন এস১১ চিপ ও নতুন সিরি ব্যবহার করেছে, যা অডিও ইন্টেলিজেন্স ফিচারের সুবিধা দেবে। এতেও ৬৪ জিবি স্টোরেজ থাকছে।
ডিসপ্লে ও উজ্জ্বলতা
ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাংয়ের ওয়াচটি ৫,০০০ নিটস উজ্জ্বলতা দিতে সক্ষম, যা কড়া রোদেও ডিসপ্লে দেখতে সহায়তা করবে। অ্যাপলের ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৩,০০০ নিটস। গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২-এর স্ক্রিন সাইজ ১.৫২ ইঞ্চি, আর অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪-এর ডিসপ্লে ৪৯ মিমি লম্বা ও ৪৪ মিমি চওড়া।
ব্যাটারি সক্ষমতা
অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ স্বাভাবিক ব্যবহারে ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, যা লো পাওয়ার মোডে ৮৪ ঘণ্টা পর্যন্ত হতে পারে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২-এ রয়েছে ৮০০ এমএএইচ ব্যাটারি, যা প্রায় ৬০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে দাবি করেছে কোম্পানিটি।
স্বাস্থ্য ও নিরাপত্তা ফিচার
অ্যাপলের নতুন মডেলে রেডিনেস অ্যাপ ও হার্ট রেট সেন্সরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া এতে ঘুম এবং শ্বাস-প্রশ্বাসের মান ট্র্যাক করার উন্নত ব্যবস্থা রয়েছে। স্যামসাংয়ের ওয়াচে অ্যান্টি-অক্সিডেন্ট রিডিং, ব্লাড প্রেসার মনিটরিং ও ট্রেইল রান মোডসহ নানা ফিচার যুক্ত হয়েছে। উভয় ঘড়িতেই ইমার্জেন্সি এসওএস, ফল ডিটেকশন ও সাইরেন সুবিধা বিদ্যমান।
দাম
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২-এর প্রাথমিক দাম ৭০০ ডলার এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪-এর দাম ৭৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে ট্রেড-ইন বা বিভিন্ন অফারে গ্রাহকরা কিছুটা সাশ্রয়ী মূল্যে এগুলো কেনার সুযোগ পেতে পারেন। এই স্মার্টওয়াচগুলো ব্যবহারের জন্য আলাদা কোনো মাসিক সাবস্ক্রিপশন ফির প্রয়োজন নেই।