কেনিয়ার নাইরোবিতে ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) আয়োজনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির পাশাপাশি দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) প্রেসিডেন্ট প্যাট্রিস মোৎসেপে। টুর্নামেন্টটি সময়মতো আয়োজন করা অত্যন্ত জরুরি এবং এটি পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে শুক্রবার কেনিয়া সফরের সময় তিনি স্পষ্ট করেছেন।
দীর্ঘ ৫১ বছর পর পূর্ব আফ্রিকায় ফিরছে এই মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট। আগামী ২০২৭ সালের ১৯ জুন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ১৭ জুলাই ফাইনালের মধ্য দিয়ে আসরটি শেষ হবে। ক্যাফের মানদণ্ড অনুযায়ী মাঠ, হোটেল, যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো বিশ্বমানের হওয়া বাধ্যতামূলক।
ক্যাফ প্রেসিডেন্ট জানান, তিন মাসের মধ্যে স্টেডিয়ামগুলো পরীক্ষার উপযোগী হতে হবে। যদিও কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে কাসারানি স্টেডিয়ামসহ বেশ কিছু স্থাপনার কাজ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। বিশেষ করে খেলার মাঠ তৈরি, ব্রডকাস্টিং ক্যাবলিং এবং ফ্লাডলাইটের কাজ এখনো বাকি রয়েছে। এছাড়া রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার খাতিরে স্টেডিয়ামের নকশায় কিছু পরিবর্তনের প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
কেনিয়ার ক্রীড়ামন্ত্রী সালিম মুভুরিয়া জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে, টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে কেনিয়া প্রতিশ্রুতিবদ্ধ।
আফকন ২০২৭ আয়োজনের প্রস্তুতির ওপর নির্ভর করছে কেনিয়ার ২০২৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের স্বপ্নও। ক্রীড়ামন্ত্রী জানান, আফকনকে একটি বড় ক্রীড়া প্রকল্প হিসেবে দেখা হচ্ছে, যা দেশের পর্যটন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।