সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার প্রধান কার্যালয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে বিশ্বের ২১১টি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিটিকে অতিরিক্ত ১ কোটি ডলার করে অনুদান দেওয়ার দাবি জানানো হয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকার শীর্ষ ফুটবল কর্মকর্তারা এই দাবি উত্থাপন করেছেন। স্কাই নিউজের তথ্যানুযায়ী, ফিফার কাছে জমা হওয়া বিপুল পরিমাণ সম্পদ সদস্য দেশগুলোর মধ্যে সুষমভাবে বণ্টন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফিফার বর্তমান আর্থিক সক্ষমতা কাজে লাগিয়ে সদস্য দেশগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করাই এই দাবির মূল লক্ষ্য। এতে প্রতিটি অ্যাসোসিয়েশন প্রায় ৭৫ লাখ পাউন্ড সমমূল্যের অর্থ সহায়তা পাবে, যা ফুটবল উন্নয়নের কাজে ব্যয় করার কথা বলা হয়েছে।
বিশ্ব ফুটবলের বৃহত্তর অবকাঠামোগত উন্নয়ন এবং সদস্য দেশগুলোর আর্থিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফুটবল কর্মকর্তারা। ফিফার সম্পদ কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে এই প্রস্তাব বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে।