সিরিয়ার উপকূলীয় তারতুস প্রদেশে বাশার আল-আসাদ সরকারের আমলে বেসামরিক মানুষের ওপর বিমান হামলার ঘটনায় পাঁচজন সাবেক বিমান কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। শুক্রবার তারতুস প্রদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ত্রাসবিরোধী অধিদপ্তরের সাথে সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বিমান বাহিনীর মেজর জেনারেলও রয়েছেন। অভিযানে অংশ নেওয়া কর্নেল আব্দুল আল মোহাম্মদ আব্দুল আল জানান, আটককৃতদের মধ্যে পাইলট, ফিল্ড কমান্ডার এবং বিভিন্ন অপারেশন রুমের দায়িত্বে থাকা কর্মকর্তারা রয়েছেন।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম: মেজর জেনারেল মোহাম্মদ ফজর আলী, ব্রিগেডিয়ার জেনারেল পাইলট আব্দুল্লাহ আলী মুয়াল্লা, কর্নেল পাইলট নিদাল হোসেন সালেহ, কর্নেল মোহাম্মদ আলী সেলিম এবং লেফটেন্যান্ট কর্নেল পাইলট তালিব আব্দুল করিম হাসান।
অভিযোগ অনুযায়ী, এই কর্মকর্তারা তাদের নিজ নিজ অবস্থানে থেকে ঘনবসতিপূর্ণ এলাকায় তীব্র বিমান হামলা চালানোর পরিকল্পনা, নির্দেশনা এবং বাস্তবায়নের সাথে জড়িত ছিলেন। এসব হামলায় আবাসিক এলাকা ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষ হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন।
বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হবে।
প্রেক্ষাপট
গত ১৩ বছরের গৃহযুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান সরকার আগের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। এর আগে চলতি মাসের শুরুর দিকেও নয়জন সাবেক পাইলট ও তিন জেনারেলকে একইভাবে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত আগস্ট মাসে আসাদ ও তার ভাইসহ আরও পাঁচ নিরাপত্তা কর্মকর্তাকে যুদ্ধাপরাধের দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। বাশার আল-আসাদ বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।