যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান কনভার্স তাদের একটি বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে যে, এই বিজ্ঞাপনের মাধ্যমে তারা ভুল করেছে এবং এটি অত্যন্ত দুঃখজনক।
কনভার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ওই ছবিতে আলোকসজ্জার ব্যবহার এমনভাবে করা হয়েছিল, যা কু ক্লাক্স ক্ল্যান (KKK) গোষ্ঠীর পরিচিত সাদা সূঁচালো টুপির মতো দেখায় বলে সমালোচকরা অভিযোগ করেন। এছাড়া ছবিতে ঝুলে থাকা জুতাগুলোকে লিনচিংয়ের শিকার ভুক্তভোগীর দৃশ্যের সাথে তুলনা করেন অনেকে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে কনভার্স জানিয়েছে, তারা তাদের সব সামাজিক মাধ্যম থেকে ছবিটি সরিয়ে ফেলেছে এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও তা অপসারণের কাজ চলছে। প্রতিষ্ঠানটি জানায়, এমন ঘটনা ঘটা উচিত হয়নি এবং ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, এই ছবি কেন মানুষের আবেগে আঘাত করেছে তা তারা বুঝতে পেরেছে এবং এজন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।
এই বিজ্ঞাপনটি ছিল কনভার্সের ‘চাক ৭০ এক্স’ স্নিকারের প্রচারণার অংশ, যা গত ২৭ আগস্ট বিশ্বজুড়ে বাজারে ছাড়া হয়। এই ক্যাম্পেইনের বিজ্ঞাপনে দক্ষিণ কোরীয় কে-পপ ব্যান্ড ‘এস্পা’-এর সদস্য কারিনাকে দেখা গেছে। কনভার্স ১৯০০ সালের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৩ সাল থেকে এটি নাইকির একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।