যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় নিজের কনসার্টে এসে ম্যাকলমোর বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। ফিলিস্তিনপন্থী মন্তব্য করায় র্যাপার ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়া এবং এর জেরে উদ্ভূত পরিস্থিতিতে নিজের ‘ভুল’ হয়েছে বলে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এই ঘটনা শিল্পী হিসেবে তার ক্যারিয়ারের বড় সংকটের সৃষ্টি করেছে।
কনসার্টের শুরুতেই এড শিরান বলেন, তিনি কখনো রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাননি। তবে বর্তমান পরিস্থিতি তাকে বাকস্বাধীনতা ও বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক ইস্যুতে এক কঠিন অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, ৭ অক্টোবরের হামাস হামলা ছিল ভয়াবহ, কিন্তু গাজায় যা ঘটছে তা অগ্রহণযোগ্য ও অমানবিক।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি তার প্রচারকদের নেওয়া বলে জানিয়েছেন শিরান। তিনি বলেন, তার সংগীতের জন্য সমালোচনা শুনতে তিনি অভ্যস্ত, কিন্তু এবারের সমালোচনা ভিন্ন ও গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। তিনি কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করেছেন বলে স্বীকার করেন। শিরান আরও জানান, পশ্চিম তীরে চলমান সিস্টেমিক অবিচার উপেক্ষা করা যায় না এবং সাধারণ মানুষের প্রাণহানি তার হৃদয় ভেঙে দিয়েছে।
উল্লেখ্য, গাজায় নিহতের সংখ্যা নিয়ে ম্যাকলমোরের মন্তব্যের জেরে তাকে সফরের পরবর্তী কনসার্টগুলো থেকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে অন্য শিল্পীরা সফর থেকে সরে দাঁড়ান। এর ফলে কনসার্টের টিকিট বিক্রি কমে যায় এবং অনেক স্থানে টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফিলাডেলফিয়ার কনসার্টের বাইরে কিছু প্রতিবাদকারী ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করলেও অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।