যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল ডিভাইসের চার্জিং সমস্যা ও এর প্রতিকার নিয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম এনগেজেট। আইপ্যাড চার্জ না হওয়ার মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের উপায়গুলো তুলে ধরা হয়েছে।
চার্জিং সমস্যার কারণ
আইপ্যাড চার্জ না হলে প্রথমেই চার্জার বা কেবল পরীক্ষা করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক সময় থার্ড-পার্টি চার্জার ব্যবহার করলে আইপ্যাড পর্যাপ্ত বিদ্যুৎ পায় না। আইপ্যাডের বড় ব্যাটারির জন্য অন্তত ১০ ওয়াটের শক্তিশালী চার্জার ব্যবহার করা জরুরি। এছাড়া দীর্ঘ সময় আইপ্যাড অব্যবহৃত থাকলে বা ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে গেলে ডিভাইসটি চালু হতে সময় নিতে পারে। অতিরিক্ত গরম বা ঠান্ডায় আইপ্যাড চার্জ করাও ব্যাটারির সুরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ।
চার্জিং পোর্ট পরীক্ষা
যদি অন্য ডিভাইসে একই চার্জার কাজ করে কিন্তু আইপ্যাডে না করে, তবে বুঝতে হবে আইপ্যাডের চার্জিং পোর্টে সমস্যা থাকতে পারে। পোর্টের ভেতর ধুলোবালি জমে থাকলে চার্জিং কানেকশনে বাধা সৃষ্টি হয়। সেক্ষেত্রে নরম ব্রাশ দিয়ে সাবধানে পোর্ট পরিষ্কার করা যেতে পারে। পোর্টের ভেতর কোনো ধাতব বস্তু বা তুলা ব্যবহার করা অনুচিত, কারণ এতে অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে। পোর্টে কোনো কাটা দাগ বা বক্রতা দেখা দিলে অ্যাপল সাপোর্ট টিমের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
ফোর্স রিসেট পদ্ধতি
চার্জার ও পোর্টে কোনো সমস্যা না থাকলে আইপ্যাডটি ফোর্স রিসেট বা হার্ড রিবুট করা যেতে পারে। হোম বাটনহীন আইপ্যাডের ক্ষেত্রে ভলিউম আপ বাটন টিপে দ্রুত ছেড়ে দিয়ে ভলিউম ডাউন বাটন চাপতে হবে এবং এরপর অ্যাপল লোগো আসা পর্যন্ত পাওয়ার বাটন চেপে ধরে রাখতে হবে। হোম বাটনযুক্ত ডিভাইসের ক্ষেত্রে পাওয়ার এবং হোম বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই প্রক্রিয়ায় কোনো ডেটা মুছে যায় না, তবে এটি অনেক সময় চার্জিং সমস্যা সমাধানে কাজ করে।