মস্কোতে ইউক্রেনের ইতিহাসের বৃহত্তম ড্রোন হামলা, নিহত ২

September 20, 2026

রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেন তার ইতিহাসের বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। এই হামলায় মস্কোর প্রধান তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র জানান, রাজধানীতে আঘাত হানার লক্ষ্যে আসা অন্তত ৪৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই আক্রমণে অন্তত দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় গভর্নরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার সংসদীয় নির্বাচন চলাকালীন এই হামলাকে মস্কোর কার্যক্রম ব্যাহত করার প্রচেষ্টা হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কিয়েভ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও লজিস্টিক সাইটে আঘাত হেনেছে। তার মতে, এই স্থাপনাগুলো রাশিয়ার যুদ্ধযন্ত্র সচল রাখতে বিলিয়ন ডলারের জোগান দেয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগারটি মস্কো অঞ্চলের চাহিদার এক-তৃতীয়াংশ জ্বালানি সরবরাহ করে, যার একটি অংশ রুশ সামরিক বাহিনী ব্যবহার করে।

এদিকে হামলার তীব্রতা বাড়ার সাথে সাথে মস্কোর শেরেমোয়েভো ও ভনুকোভো বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল সীমিত ও বন্ধ রাখা হয়েছিল। যদিও রবিবার সকালের দিকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, তবে কিছু ফ্লাইট বিলম্বিত হওয়ার শঙ্কা রয়েছে।

পাল্টা হামলা ও প্রাণহানি

ইউক্রেনের পাশাপাশি রাশিয়াও গত শনিবার কিয়েভ ও সুমি অঞ্চলে বিমান হামলা জোরদার করেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়ার সাম্প্রতিক হামলায় তিন শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। এছাড়া খেরসন অঞ্চলে একটি গির্জায় রুশ ড্রোন হামলায় একজন ধর্মযাজক নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জেলেনস্কি জানিয়েছেন। দুই দেশের পক্ষ থেকেই জ্বালানি ও লজিস্টিক অবকাঠামোগুলোতে আক্রমণ অব্যাহত রয়েছে।

Leave a Comment