যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্টার্টআপ প্রতিষ্ঠান স্লেট অটো নতুন ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ‘ব্ল্যাঙ্ক স্লেট’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। মাত্র ২৪,৯৫০ ডলার মূল্যের এই ট্রাকটি ইভি বাজারে সাশ্রয়ী বিকল্প হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে, যেখানে বর্তমানে নতুন গাড়ির গড় দাম ৫০ হাজার ডলারের বেশি। প্রতিষ্ঠানটির দাবি, এই কম দামি ও কাস্টমাইজযোগ্য গাড়িটি ইভি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গাড়ির সক্ষমতা ও বৈশিষ্ট্য
সাশ্রয়ী হলেও গাড়িটির পারফরম্যান্স সাধারণ ব্যবহারের জন্য বেশ উপযোগী। এতে ১৩৫ কিলোওয়াট রিয়ার-মাউন্টেড মোটর ব্যবহার করা হয়েছে, যা ১৮১ অশ্বশক্তি এবং ১৯৫ পাউন্ড-ফুট টর্ক তৈরি করতে সক্ষম। ট্রাকটি দিয়ে দুই হাজার পাউন্ড পর্যন্ত ওজন টানা সম্ভব। এছাড়া এটি শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে আট সেকেন্ড সময় নেয়, যা ফোর্ড ম্যাভেরিক হাইব্রিড ট্রাকের সমতুল্য।
সীমিত ব্যাটারি রেঞ্জ
এই ট্রাকটির প্রধান সীমাবদ্ধতা হলো এর ব্যাটারি সক্ষমতা। এতে ৬৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, যা একবার চার্জে সর্বোচ্চ ২০৫ মাইল চলতে পারে। বাজারের অন্যান্য ইভি ট্রাকের রেঞ্জ যেখানে ২৮০ থেকে ৪৫০ মাইল পর্যন্ত হয়ে থাকে, সেখানে স্লেট অটো ইচ্ছাকৃতভাবেই কম রেঞ্জের ব্যাটারি ব্যবহার করেছে। প্রতিষ্ঠানের ভাষ্যমতে, দৈনন্দিন যাতায়াত ও ছোটখাটো ভ্রমণের জন্য এটি যথেষ্ট এবং বড় ব্যাটারি ব্যবহার না করায় গাড়ির দাম ও ওজন দুই-ই কমেছে।
চার্জিং সুবিধা
ট্রাকটি লেভেল ৩ সুপারচার্জারে মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হতে সক্ষম। এছাড়া লেভেল ২ চার্জার ব্যবহার করলে ৫ ঘণ্টায় পূর্ণ চার্জ পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি বাড়ি বা কর্মস্থলে লেভেল ২ চার্জিং সিস্টেম বসানোর জন্য ট্রিহাউস নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে।
পরবর্তী পদক্ষেপ
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওয়ারশতে অবস্থিত কারখানা থেকে এই বছরের শেষ দিকে ট্রাকগুলো সরবরাহ শুরু হবে। ক্রেতারা ৩০০ ডলার জমা দিয়ে গাড়িটি প্রি-অর্ডার করতে পারবেন। যারা দৈনিক যাতায়াতের জন্য সাশ্রয়ী ও মিনিমালিস্ট ইলেকট্রিক ট্রাক খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে বলে মনে করা হচ্ছে।