রোবট ভ্যাকুয়াম কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

September 20, 2026

যুক্তরাষ্ট্রের এনগ্যাজেট সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সময়ে রোবট ভ্যাকুয়াম ঘরের দৈনন্দিন কাজ সহজ করার একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। তবে এটি কেনার আগে এর কিছু সীমাবদ্ধতা সম্পর্কে জানা জরুরি, যা গ্রাহকদের বিনিয়োগের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। প্রযুক্তি লেখক জ্যাক হুইটকম্ব জানান, রোবট ভ্যাকুয়াম সাধারণ মানুষের ক্লিনার বা পরিচ্ছন্নতাকর্মীর পরিপূর্ণ বিকল্প নয়। এর কার্যকারিতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

মেঝে পরিষ্কারের প্রস্তুতি
মানুষ যখন ঘর পরিষ্কার করে, তখন তারা প্রয়োজন অনুযায়ী আসবাবপত্র সরিয়ে জায়গা পরিষ্কার করতে পারে। কিন্তু রোবট ভ্যাকুয়ামের হাত বা সেই সক্ষমতা নেই। মেঝেতে পড়ে থাকা খেলনা, চার্জিং ক্যাবল বা অন্যান্য বাধা রোবট ভ্যাকুয়ামের চলাচলের পথে সমস্যার সৃষ্টি করে। যদিও দামি মডেলগুলোতে উন্নত সেন্সর ও এআই ক্যামেরা থাকে, তবুও সব ধরনের বাধা এড়িয়ে চলা এগুলোর পক্ষে সবসময় সম্ভব নয়। ফলে রোবট চালানোর আগে মেঝে থেকে সব বস্তু সরিয়ে রাখা জরুরি।

সব মেঝেতে সমান কার্যকরী নয়
রোবট ভ্যাকুয়াম কাঠ বা সমতল মেঝের ধুলো পরিষ্কারে ভালো কাজ করলেও মোটা কার্পেটের গভীরের ময়লা তুলতে হিমশিম খায়। এছাড়া কোণ বা সরু জায়গায় পৌঁছানো এগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। সিঁড়ি পরিষ্কারের ক্ষেত্রেও এগুলো এখনো পুরোপুরি কার্যকর নয়। তাই গভীর পরিচ্ছন্নতার জন্য এখনো সাধারণ ভ্যাকুয়াম ক্লিনারের প্রয়োজনীয়তা রয়ে গেছে।

অতিরিক্ত খরচ ও রক্ষণাবেক্ষণ
রোবট ভ্যাকুয়ামের দাম ১০০ ডলার থেকে শুরু করে ১,৭০০ ডলার পর্যন্ত হতে পারে। উন্নত ফিচার যেমন স্বয়ংক্রিয়ভাবে ময়লা খালি করা বা মপিং সুবিধা পেতে হলে গ্রাহককে অনেক বেশি অর্থ খরচ করতে হয়। তবে দামি মডেল কিনলেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব মালিকেরই। ব্রাশ ও ফিল্টার পরিষ্কার রাখা, পানির ট্যাঙ্ক ভরা এবং নিয়মিত ময়লার আধার খালি করার মতো কাজগুলো আপনাকেই করতে হবে। যথাযথ রক্ষণাবেক্ষণ না করলে রোবট ভ্যাকুয়ামের কার্যক্ষমতা কমে যেতে পারে বা এটি নষ্ট হয়ে যেতে পারে।

Leave a Comment