কাতারের দোহায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থগিত আলোচনা পুনরায় শুরু করতে কাজ করছে কাতার। ব্লুমবার্গের সাথে আলাপকালে তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিরসনে মধ্যস্থতাকারীরা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রেখে কাজ করছেন।
এই আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দুই পক্ষের মধ্যে বেশ কিছু প্রস্তাব বিনিময় করা হয়েছে। মূলত উভয় দেশের মধ্যকার দীর্ঘদিনের জটিলতা কমিয়ে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই মধ্যস্থতার এই প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান কাতারি মুখপাত্র।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতারের এই কূটনৈতিক তৎপরতা সফল হলে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনার প্রশমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।