যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমান যুগে প্রিমিয়াম স্ট্রিমিং সার্ভিসের ভিড়ে স্মার্ট টিভিতে বিনামূল্যে উচ্চমানের সিনেমা ও টিভি দেখার সুযোগ অনেকেরই অজানা। অথচ একটু খুঁজলেই বিনোদনের এমন অসংখ্য উৎস পাওয়া সম্ভব, যেখানে কোনো খরচ ছাড়াই সিনেমা ও টিভি শো দেখা যায়। বিনোদন বিষয়ক লেখক বেন স্ট্যাগনার বিনামূল্যে কনটেন্ট দেখার এমন ৭টি মাধ্যমের তালিকা দিয়েছেন। এসব সেবার বেশিরভাগই বিজ্ঞাপনের মাধ্যমে পরিচালিত হয়, যা দর্শকদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে।
স্মার্ট টিভির নিজস্ব চ্যানেলসমূহ
অধিকাংশ স্মার্ট টিভিতেই আগে থেকে কিছু অ্যাপ ইনস্টল করা থাকে, যা ‘ফাস্ট’ (FAST – Free Ad-supported Streaming Television) নামে পরিচিত। এর মধ্যে স্যামসাং টিভি প্লাস, এলজি চ্যানেল, রোকু চ্যানেল এবং গুগল টিভি ফ্রি-প্লে উল্লেখযোগ্য। ভিসিও টিভিতে এটি ওয়াচ-ফ্রি প্লাস নামে পরিচিত। এগুলোতে অন-ডিমান্ড মুভি এবং সরাসরি টিভি চ্যানেল দেখার সুবিধা পাওয়া যায়।
টুবি (Tubi)
টুবি একটি জনপ্রিয় ও আইনসম্মত স্ট্রিমিং অ্যাপ। এটি ব্যবহারের জন্য কোনো সাবস্ক্রিপশন ফি দেওয়ার প্রয়োজন নেই। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকাউন্ট না খুলেও কনটেন্ট দেখা যায়। এখানে মুভি, টিভি শো এবং টুবি অরিজিনালসসহ বিভিন্ন ক্যাটাগরির সমৃদ্ধ সংগ্রহ রয়েছে।
প্লুটো টিভি (Pluto)
প্লুটো টিভির মূল আকর্ষণ হলো এর লাইভ টিভি চ্যানেল। এটি প্রথাগত ক্যাবল টিভির অভিজ্ঞতা প্রদান করে। তবে এখানে অন-ডিমান্ড লাইব্রেরিও রয়েছে। সিএসআই মায়ামির মতো জনপ্রিয় শো ২৪ ঘণ্টা দেখার জন্য এটি দারুণ একটি মাধ্যম।
হুপলা এবং ক্যানোপি
আপনার যদি লাইব্রেরি কার্ড থাকে, তবে হুপলা এবং ক্যানোপি ব্যবহার করে বিনামূল্যে সিনেমা ও টিভি শো দেখতে পারেন। হুপলায় ব্রিটিশ ড্রামা ও বি-বি-সি কনটেন্ট পাওয়া যায়, আর ক্যানোপি তথ্যচিত্র ও ধ্রুপদী সিনেমার জন্য পরিচিত। এই সেবাগুলো সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত।
ইউটিউব
ইউটিউবের ‘মুভিজ অ্যান্ড টিভি’ সেকশনে বিনামূল্যে দেখার জন্য বেশ কিছু বৈধ সিনেমা ও টিভি শো রয়েছে। এছাড়া পাবলিক ডোমেইন ফিল্ম এবং বিভিন্ন স্টুডিওর অফিসিয়াল চ্যানেলেও বিনামূল্যে পুরনো দিনের ক্লাসিক সিনেমা উপভোগ করা যায়।
অ্যামাজন প্রাইম ভিডিও
অ্যামাজন প্রাইমের পেইড সাবস্ক্রিপশন ছাড়াও প্রাইম ভিডিও অ্যাপে বিনামূল্যে দেখার একটি অংশ রয়েছে। এখানে সিনেমা, টিভি শো এবং বিভিন্ন নিউজ চ্যানেলের সমন্বয়ে একটি বড় সংগ্রহ রাখা হয়েছে, যা সাধারণ দর্শকদের জন্য সুবিধাজনক।
স্লিং ফ্রি-স্ট্রিম
স্লিংয়ের এই সেবাটি কোনো অ্যাকাউন্ট বা অর্থ প্রদান ছাড়াই ব্যবহার করা যায়। এতে স্থানীয় সংবাদের পাশাপাশি বিনোদনমূলক বিভিন্ন চ্যানেল দেখার সুযোগ রয়েছে। ফ্রি অ্যাকাউন্ট খুললে ১০ ঘণ্টার ডিভিআর সুবিধা পাওয়ার সুযোগও থাকে।