ল্যাপটপ ব্যবহারের সময় ফ্যান থেকে জোরালো শব্দ হওয়ার কারণ এবং এটি নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন আছে কি না, তা নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন প্রযুক্তি লেখক ডেভ মাইকেলহ্যাম। গেমিং ল্যাপটপ বা উচ্চ ক্ষমতার ল্যাপটপ ব্যবহারের সময় ফ্যান থেকে শব্দ হওয়া মূলত হার্ডওয়্যারের তাপমাত্রা নিয়ন্ত্রণের একটি স্বাভাবিক প্রক্রিয়া।
কেন ল্যাপটপ থেকে শব্দ হয়
গেম খেলা বা ভিডিও রেন্ডারিংয়ের মতো ভারী কাজ করার সময় ল্যাপটপের সিপিইউ (CPU) ও জিপিইউ (GPU)-তে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপ বের করে দেওয়ার জন্য ল্যাপটপের ফ্যানগুলো দ্রুত ঘোরে। বিশেষ করে উচ্চমানের গেমিং ল্যাপটপে যখন টার্বো মোড ব্যবহার করা হয়, তখন ফ্যানের শব্দ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে পারে। এছাড়া ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো প্রোগ্রাম চালু থাকলে প্রসেসরের ওপর চাপ পড়ে, যা ফ্যানের গতি বাড়িয়ে দেয়।
কখন চিন্তার বিষয়
সাধারণত ভারী কাজ করার সময় ফ্যানের শব্দ হওয়া স্বাভাবিক। কিন্তু ল্যাপটপে কোনো ভারী কাজ না করা সত্ত্বেও যদি ফ্যান থেকে জেটি ইঞ্জিনের মতো তীব্র শব্দ হয়, তবে তা চিন্তার কারণ হতে পারে। ল্যাপটপের ভেতরে ধুলোবালি জমে ফ্যানের বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে গেলে এমনটি হতে পারে। এছাড়া ফ্যান থেকে যদি অস্বাভাবিক ঘড়ঘড় বা খটখট শব্দ আসে, তবে বুঝতে হবে ফ্যানের বিয়ারিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ল্যাপটপটি কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে দেখানো বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়া উচিত।
ফ্যানের শব্দ কমানোর উপায়
উইন্ডোজ ল্যাপটপের সেটিংস থেকে পাওয়ার মোড পরিবর্তন করে ‘বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি’ অপশনটি বেছে নিলে ফ্যানের শব্দ কিছুটা কমানো সম্ভব। গেমিং ল্যাপটপের ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপ ব্যবহার করে ‘কোয়াইট প্রোফাইল’ সেট করা যায়। গেম খেলার সময় ফ্রেম রেট ক্যাপ করে বা গ্রাফিক্স সেটিংস কিছুটা কমিয়ে রাখলেও ফ্যানের ওপর চাপ কম পড়ে।
এছাড়া ল্যাপটপ ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন ভেন্টিলেশন বা বাতাস চলাচলের পথ বন্ধ না হয়। বিছানা বা নরম কিছুর ওপর ল্যাপটপ না রেখে সমতল জায়গায় ব্যবহার করলে বাতাস চলাচলের পথ উন্মুক্ত থাকে, যা ফ্যানকে ঠান্ডা থাকতে সাহায্য করে এবং অপ্রয়োজনীয় শব্দ কমায়।