যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের ম্যাপসে ব্যবহারকারীর যাতায়াতের তথ্য সংরক্ষণের জন্য ‘লোকেশন টাইমলাইন’ নামক একটি ফিচার রেখেছে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত ট্র্যাকিং এড়াতে অনেক ব্যবহারকারী এই ফিচারটি বন্ধ করতে চান বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট। গুগল বর্তমানে লোকেশন তথ্য ক্লাউডের পরিবর্তে ডিভাইসে সংরক্ষণ করলেও ব্যবহারকারীরা চাইলে এটি পুরোপুরি বন্ধ করে দিতে পারেন।
লোকেশন হিস্ট্রি বন্ধ করার প্রক্রিয়া
গুগল ম্যাপস অ্যাপটি ওপেন করে ডানদিকের প্রোফাইল পিকচারে ট্যাপ করতে হবে। এরপর ‘ইউর টাইমলাইন’ অপশনটি নির্বাচন করুন। উপরে ডানদিকের তিনটি ডট থেকে ‘লোকেশন অ্যান্ড প্রাইভেসি সেটিংস’ মেনুতে যান। সেখান থেকে ‘টাইমলাইন’ অপশনটি বেছে নিন। এই মেনু থেকে ‘টার্ন অফ’ নির্বাচন করলে ফিচারটি বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে আগের সব তথ্য মুছে ফেলার জন্য ‘টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি’ অপশনটি বেছে নিতে পারেন।
অটো-ডিলিট সুবিধা
আপনি যদি সব তথ্য ডিলিট না করে নির্দিষ্ট সময় পরপর স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে ফেলতে চান, তবে ‘অটো-ডিলিট’ অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে তিন, ১৮ বা ৩৬ মাস পুরোনো তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগ রয়েছে। এছাড়া গুগল অ্যাকাউন্ট বা অন্যান্য ডিভাইসে ব্যাকআপ সুবিধা থাকা সত্ত্বেও ব্যবহারকারী চাইলে এনক্রিপটেড ব্যাকআপ বন্ধ বা চালু রাখতে পারেন। মনে রাখতে হবে, এই সেটিংসটি প্রতিটি ডিভাইসের জন্য আলাদাভাবে করতে হয়।