ইংল্যান্ডে গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বার্মিংহাম সিটির সাবেক উইঙ্গার জর্ডান গ্রাহাম। পেশাদার ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) গ্রাহামের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে ৩১ বছর বয়সী এই ফুটবলার বিশেষ চিকিৎসাসেবা গ্রহণ করছেন। চলতি মাসের শুরুর দিকে তিনি এই দুর্ঘটনার কবলে পড়েন।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বার্মিংহাম সিটির হয়ে চ্যাম্পিয়নশিপে ৪৯টি ম্যাচ খেলেছেন গ্রাহাম। এর আগে তিনি গিলিঙ্গহাম থেকে বার্মিংহামে যোগ দিয়েছিলেন। এছাড়া উলভসের হয়ে ১৭টি ম্যাচ খেলা গ্রাহাম ক্যারিয়ারে মোট ১৮৮টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অ্যাস্টন ভিলার একাডেমি ছাড়াও ইপসউইচ টাউন, ব্র্যাডফোর্ড সিটি, অক্সফোর্ড ইউনাইটেড এবং ফুলহ্যামের মতো ক্লাবে খেলেছেন। গত বছর লেটন ওরিয়েন্ট ছাড়ার পর থেকে তিনি আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।
জর্ডান গ্রাহামের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হাসপাতালে তাকে দেওয়া চিকিৎসায় সন্তুষ্ট। এই কঠিন সময়ে তারা গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন এবং সরাসরি যোগাযোগ থেকে বিরত থাকতে বলেছেন। যথাযথ সময়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে পিএফএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে গ্রাহামের দ্রুত আরোগ্য কামনা করে সমবেদনা জানিয়েছে তার সাবেক ক্লাবগুলো। গিলিঙ্গহাম এফসি এক বার্তায় জানিয়েছে, পুরো ক্লাব তার এবং তার পরিবারের পাশে আছে। এছাড়া লেটন ওরিয়েন্টও তার প্রতি সমর্থন জানিয়ে দ্রুত সুস্থতার প্রত্যাশা করেছে।