যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর দৈনন্দিন জীবনে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট একটি সাধারণ ঘটনা, তবে বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার কেবল বন্ধ রাখাই যথেষ্ট নয় বলে সতর্ক করেছেন প্রযুক্তি বিশ্লেষক গ্যাব্রিয়েলা ভাটু। বিদ্যুৎ ফিরে আসার সময় ভোল্টেজের তীব্র উঠানামা বা পাওয়ার সার্জ থেকে পিসিকে রক্ষা করতে সরাসরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেক ব্যবহারকারী মনে করেন কম্পিউটার বন্ধ থাকলে তা সুরক্ষিত থাকে। কিন্তু বাস্তবতা হলো, ওয়াল আউটলেটের সঙ্গে যুক্ত থাকা যেকোনো কম্পিউটার বিদ্যুৎ ফিরে আসার সময় হওয়া ভোল্টেজের তীব্র ঝাপটার ঝুঁকিতে থাকে। এই সার্জ মাদারবোর্ড, র্যাম এবং এসএসডির মতো সূক্ষ্ম যন্ত্রাংশের স্থায়ী ক্ষতি করতে পারে। বিশেষ করে গ্রিডে বিদ্যুৎ ফিরে আসার মুহূর্তটি হার্ডওয়্যারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
বিদ্যুৎ চলে যাওয়ার সময় যদি কম্পিউটার সচল থাকে, তবে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ফাইল করাপ্ট হওয়ার সম্ভাবনা থাকে। হার্ড ডিস্ক ড্রাইভের (HDD) মেকানিক্যাল হেডও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া বজ্রপাত বা বৈদ্যুতিক লাইনের গোলযোগের কারণে তৈরি হওয়া সার্জ বাড়ির ট্রান্সফর্মার হয়ে ঘরের ভেতর ঢুকে মূল্যবান ইলেকট্রনিক্সের বারোটা বাজাতে পারে।
সুরক্ষার উপায় হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, খারাপ আবহাওয়া বা ঝড়ের পূর্বাভাস থাকলে আগেই কম্পিউটার বন্ধ করে প্লাগ খুলে ফেলা উচিত। শুধু পিসি নয়, রাউটার এবং টিভির মতো দামী ডিভাইসগুলোও একইভাবে বিচ্ছিন্ন করে রাখা প্রয়োজন।
নিরাপত্তা নিশ্চিত করতে ভালো মানের সার্জ প্রোটেক্টর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা অতিরিক্ত ভোল্টেজ শোষণ করে যন্ত্রাংশ রক্ষা করে। তবে সবচেয়ে ভালো সমাধান হলো আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই (UPS) ব্যবহার করা। এটি সাময়িক ব্যাকআপ দেওয়ার পাশাপাশি ভোল্টেজ সার্জ থেকেও ডিভাইসকে সুরক্ষা দেয়। দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য ইলেকট্রিক প্যানেলে প্রফেশনাল সার্জ প্রোটেকশন সিস্টেমও ইনস্টল করা যেতে পারে।
বিদ্যুৎ ফিরে আসার পরপরই সব প্লাগ সংযোগ না দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করা উচিত। সংযোগ দেওয়ার সময় সরাসরি ওয়াল আউটলেটে না লাগিয়ে সার্জ প্রোটেক্টরের মাধ্যমে সংযোগ দেওয়া ইলেকট্রনিক্সের আয়ু বাড়াতে সাহায্য করে।