জাপানের নাগোরিয়ার কাছে আয়োজিত এশিয়ান গেমসে সাইক্লিংয়ের নারী রোড রেসে রৌপ্য পদক জিতেছেন আফগানিস্তানের ফারিবা হাশেমি। মঙ্গলবার এই পদক জয়ের পর ফারিবা জানিয়েছেন, তালেবানের বাধার মুখে একসময় নিজের পরিচয় লুকাতে তাকে পুরুষ সেজে সাইকেল চালাতে হতো। এই পদক জয় আফগান নারীদের সাহস ও অদম্য ইচ্ছাশক্তির এক বিশেষ প্রতিফলন বলে তিনি উল্লেখ করেছেন।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশ ছাড়তে বাধ্য হন ফারিবা। বর্তমানে তিনি ইতালিতে বসবাস ও অনুশীলন করছেন। এর আগে রবিবারের টাইম ট্রায়াল ইভেন্টে তিনি সপ্তম স্থান অর্জন করেছিলেন।
ফারিবার ক্যারিয়ারের শুরুটা ছিল অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে। আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে ১৫ বছর বয়সে সাইক্লিং শুরু করার সময় তাকে প্রায়ই পুরুষদের ছদ্মবেশ ধারণ করতে হতো। এমনকি প্রশিক্ষণের সময় মানুষের পাথর নিক্ষেপ থেকে বাঁচতে একাধিক মাস্ক ব্যবহার করতেন তিনি।
নিজের এই অর্জন সম্পর্কে ফারিবা বলেন, তিনি এমন এক দেশে জন্মেছেন যেখানে নারীদের স্বপ্ন দেখা বিপজ্জনক। তিনি এই বাধাগুলো পেরিয়ে আসতে পেরে গর্বিত। তার প্রত্যাশা, এই জয় আফগানিস্তানের পরবর্তী প্রজন্মের নারীদের ভয়হীনভাবে নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।
ফারিবা তার বোন ইয়ুলদুজের পথ অনুসরণ করে সাইক্লিংয়ে যুক্ত হয়েছিলেন। দুই বোন মিলে ২০২৪ প্যারিস অলিম্পিকেও অংশ নিয়েছেন। তাদের পরবর্তী লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ফারিবা দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, তিনি কখনোই হাল ছাড়বেন না এবং আশা করছেন লস অ্যাঞ্জেলেসেও ভালো কিছু করতে পারবেন।