যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুলিবৃদ্ধ ডোরড্যাশ চালককে বহিষ্কারের ওপর নিষেধাজ্ঞা

September 23, 2026

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের গুলিতে আহত ভেনেজুয়েলার নাগরিক উইলবার রাফায়েল গার্সেস পেরেজকে দেশ থেকে বহিষ্কারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। আইনজীবীর তথ্যমতে, ২৮ বছর বয়সী এই ভুক্তভোগী বর্তমানে একটি বন্দিশিবিরে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন। বিচারক অরল্যান্ডো গার্সিয়া আগামী ৩০ সেপ্টেম্বর ভুক্তভোগীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার ফলে আদালতের পরবর্তী শুনানির আগে তাকে দেশ থেকে বহিষ্কার করা যাবে না।

আইনজীবী কেট লিংকন-গোল্ডফিঞ্চ জানান, তার মক্কেলকে যেন বহিষ্কার করা না হয় সেজন্য আদালতে রিট দায়ের করা হয়েছিল। আদালতের এই আদেশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও আইনি লড়াই এখনো শেষ হয়নি। পেরেজের কাঁধের হাড় ভেঙে গেছে এবং তিনি এখনো মারাত্মক ব্যথা ও শারীরিক জটিলতায় ভুগছেন। তার যথাযথ চিকিৎসা প্রয়োজন বলে জানান আইনজীবী।

স্বরাষ্ট্র বিভাগ (ডিএইচএস) অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, ওই ব্যক্তি অবৈধ অভিবাসী এবং তাকে বন্দিশিবিরে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিএইচএস সচিব মার্কওয়াইন মুলিন জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর সময় আইসিই কর্মকর্তারা তাকে আটক করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় তিনি কোনো নিয়ম বহির্ভূত কাজ করেননি বলে দাবি করেন।

ঘটনার দিন অস্টিন পুলিশ বিভাগের বডিক্যাম ফুটেজে পেরেজকে আটকের দৃশ্য দেখা গেছে। তবে সরাসরি গুলি চালানোর দৃশ্য সেখানে নেই। পেরেজের আইনজীবীর ভাষ্যমতে, তিনি ডোরড্যাশে ডেলিভারি কাজ করছিলেন। একটি কালো গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সেটি আইসিই যান না ভেবে ইউ-টার্ন নেন। এরপর পুনরায় তার গাড়িতে ধাক্কা দিয়ে এজেন্টরা নেমে গুলি চালায়।

ঘটনার পর থেকে স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। অস্টিনের রাস্তায় বিক্ষোভকারীরা আইসিই’র কার্যক্রমের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। তবে ডিএইচএস স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা অস্টিন থেকে কার্যক্রম গুটিয়ে নেবে না এবং অভিবাসন আইন প্রয়োগের কাজ অব্যাহত থাকবে।

Leave a Comment