অ্যাপল ম্যাপসে যুক্ত হলো ল্যান্ডমার্কের ইতিহাস সম্বলিত পডকাস্ট

September 23, 2026

যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরের নির্দিষ্ট কিছু ল্যান্ডমার্কের ঐতিহাসিক তথ্য সরাসরি শোনার সুযোগ তৈরি করতে অ্যাপল ম্যাপসে হিডেন হিস্ট্রিজ পডকাস্ট যুক্ত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির অ্যাপের গাইড ফিচারের আওতায় এখন সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক সিটি, শিকাগো এবং ওয়াশিংটন ডিসির প্রধান পর্যটন ও ঐতিহাসিক স্থানগুলোর তথ্য সম্বলিত পডকাস্ট শোনা যাবে।

ম্যাপসে কোনো ল্যান্ডমার্কের তথ্য দেখার সময় ব্যবহারকারীরা সেখানে একটি বিশেষ প্যানেল দেখতে পাবেন, যা সরাসরি ওই স্থানের ইতিহাস নিয়ে তৈরি পডকাস্টের সাথে যুক্ত থাকবে। এই প্যানেলে ক্লিক করলে ওই শহরের অন্যান্য ল্যান্ডমার্কের তালিকা এবং সেগুলোর পডকাস্ট গাইডের ইন্টারফেস প্রদর্শিত হবে।

নিউ ইয়র্কের ক্ষেত্রে টাইমস স্কয়ার, স্ট্যাচু অব লিবার্টি, সেন্ট্রাল পার্ক, মিউজিয়াম অব ব্রডওয়ে, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, চার্জিং বুল, স্টুডিও ৫৪ এবং টিন প্যান অ্যালির মতো স্থানগুলোর ইতিহাস নিয়ে পডকাস্ট রয়েছে। একইভাবে লস অ্যাঞ্জেলেসের ক্ষেত্রে হলিউড সাইন ও হলিউড ওয়াক অব ফেম এবং সান ফ্রান্সিসকোর ক্ষেত্রে আলকাট্রাজ ও ফারালোন আইল্যান্ডসের তথ্য যুক্ত করা হয়েছে।

অ্যাপল ম্যাপসের গাইড সেকশনে এই পডকাস্টগুলো পাওয়া যাবে। অন্যান্য গাইডের মতো ব্যবহারকারীরা প্লাস আইকনে ক্লিক করে এসব পডকাস্ট নিজেদের কালেকশনে যুক্ত করে রাখতে পারবেন। পরবর্তীতে ম্যাপসের নিচের প্যানেল থেকে ‘ইউর গাইডস’ সেকশনে গিয়ে যেকোনো সময় এগুলো শোনা যাবে।

Leave a Comment