নতুন বয়স যাচাইকরণ নীতি চালু করল ডিসকর্ড

September 23, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিসকর্ড তাদের ব্যবহারকারীদের জন্য বয়স যাচাইকরণ নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই প্রক্রিয়ায় ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। অপ্রাপ্তবয়স্কদের প্ল্যাটফর্মটির ব্যবহার সীমিত করার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

নতুন এই নীতি অনুযায়ী, ডিসকর্ড এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ‘অ্যাডাল্ট’ বা প্রাপ্তবয়স্ক এবং ‘টিন’ বা কিশোর—এই দুই শ্রেণিতে ভাগ করবে। অ্যাকাউন্ট কতদিন পুরনো, কোন কোন সার্ভারে যুক্ত আছে এবং সাধারণ সক্রিয়তার ওপর ভিত্তি করে এই শ্রেণিবিন্যাস করা হবে। কোম্পানিটি স্পষ্ট করেছে যে, ব্যবহারকারীর বয়স নিশ্চিত করতে তাদের ব্যক্তিগত মেসেজ বা কল দেখা হবে না এবং প্রোফাইলে এই বয়সসীমা অন্যদের কাছে দৃশ্যমান হবে না।

যেসকল ব্যবহারকারী ‘আনকনফার্মড’ বা অনির্ধারিত শ্রেণিতে থাকবেন, তাদের ১৮ বছর পূর্ণ হওয়ার প্রমাণ দিতে হবে। এক্ষেত্রে ক্রেডিট কার্ড, অ্যাপল অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর, গুগল ওয়ালেট বা এজ-কি (AgeKey) ব্যবহার করা যাবে। এছাড়া আইডি কার্ড স্ক্যান বা ভিডিও সেলফির মতো পদ্ধতিও রাখা হয়েছে। গোপনীয়তা রক্ষায় থার্ড-পার্টি ভেন্ডরদের ব্যবহারকারীর তথ্য স্থায়ীভাবে মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

যাদের ‘টিন’ বা কিশোর হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের অ্যাকাউন্টে তিনটি বিধিনিষেধ থাকবে। প্রথমত, পরিচিত বন্ধু ছাড়া অন্য কারো মেসেজ সরাসরি ইনবক্সে আসবে না। দ্বিতীয়ত, সংবেদনশীল হিসেবে চিহ্নিত কোনো কনটেন্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সার্ভার তারা দেখতে পারবে না। তৃতীয়ত, তাদের প্রোফাইল ও কার্যক্রম শুধুমাত্র বন্ধুদের জন্য উন্মুক্ত থাকবে। ‘আনকনফার্মড’ ক্যাটাগরির অ্যাকাউন্টের ক্ষেত্রেও বয়স নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রথম দুটি বিধিনিষেধ কার্যকর থাকবে।

Leave a Comment