যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তিপ্রতিষ্ঠান কোয়ালকম নতুন প্রজন্মের অডিও ডিভাইসের জন্য স্ন্যাপড্রাগন সাউন্ড এলিট জেন ২ চিপ বাজারে আনার ঘোষণা দিয়েছে। কোয়ালকমের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জিয়াদ আসগর জানিয়েছেন, এই চিপের মাধ্যমে অডিও ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন অভিজ্ঞতা যুক্ত হবে। অডিও ডিভাইস হিসেবে ইয়ারবাড, হেডফোন, স্মার্ট চশমা এবং ক্যামেরা-যুক্ত ইয়ারবাডের কার্যক্ষমতা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রযুক্তিটি কেন গুরুত্বপূর্ণ
কোয়ালকমের তথ্যমতে, স্ন্যাপড্রাগন সাউন্ড এলিট জেন ২ চিপটি আগের সংস্করণের তুলনায় দ্বিগুণ শক্তিশালী এআই ক্ষমতা সম্পন্ন। জিয়াদ আসগর বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানুষের দৈনন্দিন জীবনের মূল অংশ হয়ে দাঁড়িয়েছে। নতুন এই চিপ ব্যবহারকারীকে স্ক্রিনের ওপর নির্ভর না করে সরাসরি কণ্ঠস্বরের মাধ্যমে এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলার সুবিধা দেবে। এর মাধ্যমে রিয়েল-টাইম অনুবাদ এবং শ্রবণশক্তি কম এমন ব্যক্তিদের জন্য শব্দ বা কথোপকথন স্পষ্ট করার মতো ফিচারগুলো পাওয়া যাবে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
এই চিপে কোয়ালকমের নিজস্ব অ্যাপ্ট-এক্স লসলেস প্রযুক্তি এবং এক্সপ্যান ওয়্যারলেস অডিও প্রযুক্তির সমর্থন রয়েছে। এটি ওয়াই-ফাই এবং ব্লুটুথের সমন্বয়ে ডিভাইসের পরিসীমা বা রেঞ্জ বৃদ্ধি করতে পারে। ওয়াই-ফাই সিক্স-ই সংযোগের কারণে ব্যাটারি ও শব্দের মান ঠিক রেখেও সার্বক্ষণিক এআই সেবা চালু রাখা সম্ভব হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।