যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় স্থায়ী ক্ষতিকর রাসায়নিক বা ‘ফরেভার কেমিক্যালস’ ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। মার্কিন করপোরেট জায়ান্ট থ্রিএম পরিবেশ দূষণের জন্য দায়ী বলে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। এই রাসায়নিকগুলো দীর্ঘস্থায়ী ও বিষাক্ত হওয়ায় তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফরেভার কেমিক্যালস বা পলিফ্লুরোঅ্যালকাইল সাবস্টেন্সেস (পিএফএএস) নামক রাসায়নিক শ্রেণিটি ১৯৪০-এর দশকে আবিষ্কৃত হয়। উচ্চ তাপ, ঠান্ডা, তেল ও পানি প্রতিরোধে সক্ষম হওয়ায় এটি রান্নার সরঞ্জাম থেকে শুরু করে প্রসাধনী, পিৎজা বক্স এবং কীটনাশক তৈরির কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। এই রাসায়নিকের মূল বৈশিষ্ট্য হলো, এগুলো প্রকৃতিতে সহজে পচে না বা মিশে যায় না।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, তারা সর্বপ্রথম বাণিজ্যিকভাবে পিএফএএস উৎপাদন শুরু করে। এই রাসায়নিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আগে থেকেই অবগত থাকা সত্ত্বেও থ্রিএম তাদের কারখানাগুলোর আশপাশের এলাকায় বছরের পর বছর ধরে পরিবেশ দূষণ হতে দিয়েছে।
পরিবেশবিদরা বলছেন, এই রাসায়নিকগুলো পরিবেশে অবিনশ্বর হওয়ায় তা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই বিষাক্ত উপাদানের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের শরীরেও মারাত্মক প্রভাব পড়ছে।