যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে তিন সন্তান হত্যার দায়ে অভিযুক্ত মা লিন্ডসে ক্ল্যানসির মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে জুরি বোর্ড। বিচারকদের এই প্যানেল এখন সিদ্ধান্ত নেবে যে, তিনি পূর্বপরিকল্পিতভাবে প্রথম মাত্রার হত্যাকাণ্ডে দোষী নাকি মানসিক অসুস্থতার কারণে অপরাধের দায় থেকে মুক্ত। পাঁচ সপ্তাহ ধরে চলা এই বিচার প্রক্রিয়া দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মামলার নথিপত্র অনুযায়ী, লিন্ডসে ক্ল্যানসি তার তিন সন্তানকে হত্যার কথা অস্বীকার করেননি। নিহতদের বয়স আট মাস থেকে পাঁচ বছরের মধ্যে ছিল। বিবাদী পক্ষের আইনজীবী কেভিন রেডিংটন দাবি করেছেন, ঘটনার সময় ক্ল্যানসি প্রসবোত্তর সাইকোসিসে ভুগছিলেন। এটি একটি বিরল ও মারাত্মক মানসিক ব্যাধি। এই মানসিক অবস্থার কারণে তিনি নিজের জীবন শেষ করার চেষ্টাও করেছিলেন, যার ফলে বর্তমানে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে হুইলচেয়ারে চলাফেরা করছেন।
অন্যদিকে সরকারি কৌঁসুলি জেনিফার স্প্রাগের যুক্তি, ক্ল্যানসি মানসিকভাবে অসুস্থ ছিলেন সত্য, কিন্তু অপরাধের সময় তিনি ভালো ও মন্দের পার্থক্য বোঝার সক্ষমতা রাখতেন। তার দাবি, এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি একটি সুচিন্তিত ও পরিকল্পিত হত্যাকাণ্ড।
ম্যাসাচুসেটস আইন অনুযায়ী, প্রথম মাত্রার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া জুরি তাকে দ্বিতীয় মাত্রার হত্যা বা অনিচ্ছাকৃত নরহত্যার দায়েও দোষী সাব্যস্ত করতে পারেন। যদি জুরি তাকে মানসিক ভারসাম্যহীনতার কারণে নির্দোষ ঘোষণা করেন, তবে তাকে কারাগারের পরিবর্তে আজীবন মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হতে পারে। বৃহস্পতিবার জুরি বোর্ডের প্রথম দিনের শুনানি শেষে শুক্রবার পুনরায় তা শুরু হবে।