প্রেমের সম্পর্কে জড়ানোর পর ভাই-বোন কি না নিশ্চিত হতে লড়াই দম্পতির

August 30, 2026

ফ্রান্সের প্যারিসে শুক্রাণু দাতার মাধ্যমে জন্ম নেওয়া অড্রে এবং আর্থার কারমালভেজান প্রেমের সম্পর্কে জড়ানোর পর নিজেদের জিনগত পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ আইনি ও ব্যক্তিগত সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন। তারা মূলত দুশ্চিন্তায় ছিলেন যে, অজানতে তারা আপন ভাই-বোন কি না, যা তাদের সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ২০১০ সালে ডোনার-কনসিভড অ্যাক্টিভিস্টদের এক সমাবেশে তাদের প্রথম দেখা হয়।

ফ্রান্সে শুক্রাণু দাতার পরিচয় গোপন রাখার কঠোর আইন এবং বাড়িতে ডিএনএ পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের জন্য সত্য উদঘাটন অত্যন্ত জটিল হয়ে পড়েছিল। ফ্রান্সে ব্যক্তিগত ডিএনএ কিট রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। অড্রে পেশায় আইনজীবী হওয়ায় তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বৈধ পথে সত্য জানার চেষ্টা করেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এক চিকিৎসক তাদের ব্যক্তিগতভাবে তথ্য দিয়ে সাহায্য করেন, যা তাকে নিয়ম ভাঙার ঝুঁকি নিয়ে করতে হয়েছিল।

পরবর্তীতে তারা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে তারা ভাই-বোন নন। শুধু তাই নয়, এই পরীক্ষার মাধ্যমে অড্রে তার আপন বোন সোফিকে খুঁজে পান, যার আইনি লড়াইয়ে তিনি নিজেও অংশ নিয়েছিলেন। অড্রের দীর্ঘ আইনি প্রচেষ্টার ফলস্বরূপ ফ্রান্সের শুক্রাণু দান সংক্রান্ত আইনে পরিবর্তন আসে। এর ফলে ২০২৫ সালের এপ্রিলের পর জন্ম নেওয়া ব্যক্তিরা প্রাপ্তবয়স্ক হলে তাদের শুক্রাণু দাতার পরিচয় জানার সুযোগ পাবেন। বর্তমানে অড্রে এবং আর্থার দম্পতি তাদের তিন সন্তান নিয়ে জীবন অতিবাহিত করছেন।

Leave a Comment