যুক্তরাষ্ট্রের অ্যাথলেট ও অলিম্পিক লং জাম্প চ্যাম্পিয়ন তারা ডেভিস-উডহল জানিয়েছেন, ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়াটা তার জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়। গত সপ্তাহে অনুশীলনে যাওয়ার পথে তিনি এই মুখোমুখি সংঘর্ষের শিকার হন। ২৭ বছর বয়সী এই অ্যাথলেট জানান, দুর্ঘটনার পর তার মস্তিষ্কে গুরুতর আঘাত (কনকাশন) লেগেছে।
দুর্ঘটনার পর তারা ডেভিস-উডহল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বড় কোনো শারীরিক ক্ষত ছাড়াই তিনি রক্ষা পেয়েছেন। তবে এই দুর্ঘটনার পর থেকে তিনি কোনো ধরনের অনুশীলন করতে পারছেন না। চিকিৎসক ও নিজের দলের পরামর্শে সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি।
সামনে থাকা প্রতিযোগিতা
আগামী ১১ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস আলটিমেট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি জানিয়েছেন, দলের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী আপডেট জানানো হবে।
প্রশিক্ষণের পিক টাইমে এই দুর্ঘটনার কবলে পড়ায় বেশ হতাশ ডেভিস-উডহল। তিনি বলেন, বর্তমানে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। এমন সময়ে এসে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য অত্যন্ত কঠিন।
২০২৪ প্যারিস অলিম্পিকে লং জাম্পে সোনা জেতা তারা ডেভিস-উডহল জানান, দুর্ঘটনার সময় গাড়ি দুটি ২০ মাইল গতিতে চলছিল। যদিও তাদের গাড়ি দুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, তবুও তিনি বড় ধরনের বিপদমুক্ত আছেন।