আর্থিক অনটনের কারণে দ্রুত বুড়িয়ে যেতে পারে মস্তিষ্ক

September 3, 2026

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে আর্থিক কষ্টে থাকা ব্যক্তিদের মস্তিষ্ক তুলনামূলক দ্রুত বুড়িয়ে যায়। গবেষকদের মতে, দীর্ঘদিনের এই মানসিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষের চিন্তাশক্তি কমিয়ে দেয় এবং বয়সের সাথে সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাসে ভূমিকা রাখে।

গবেষণার পদ্ধতি ও ফলাফল

ইনোভেশন ইন এজিং জার্নালে প্রকাশিত এই গবেষণায় যুক্তরাজ্যের ২,৭৫৯ জন ব্যক্তির জীবনযাত্রার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক জীবনের বিভিন্ন পর্যায়ে যারা টানা আর্থিক অনটনের মধ্য দিয়ে গেছেন, ৫৩ বছর বয়সে তাদের চিন্তাশক্তি সাধারণের তুলনায় দুর্বল দেখা গেছে। পরবর্তী সময়ে এমআরআই স্ক্যানে দেখা গেছে, যারা দীর্ঘ সময় নিম্ন আয়ের বা অর্থনৈতিক কষ্টের মধ্যে ছিলেন, ৬০ থেকে ৭০ বছর বয়সে তাদের মস্তিষ্কের আকার সংকুচিত হওয়ার প্রবণতা বেশি ছিল। এই ফলাফলের ক্ষেত্রে শিক্ষা, শৈশবের সামাজিক অবস্থা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতার মতো অন্যান্য বিষয়গুলোকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

কেন এমনটি ঘটে?

গবেষণার মূল লেখক ড. জ্যাক ওয়েলস জানান, আর্থিক সমস্যার প্রভাব কোনো নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘ বছরের জমানো কষ্টই মস্তিষ্কের জন্য ক্ষতিকর। দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে, যা মস্তিষ্কের বয়স দ্রুত বাড়িয়ে দেয়। এছাড়া সব সময় অর্থসংস্থান বা বিল পরিশোধ নিয়ে চিন্তায় থাকলে মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বা কগনিটিভ লোড কমে যায়, যার ফলে অন্য কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।

লিঙ্গ ও অন্যান্য প্রভাব

গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষরা আর্থিক অস্থিরতার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে যেসব পুরুষ দীর্ঘসময় আর্থিক চাপের মধ্যে ছিলেন, ৫৩ বছর বয়সে তাদের চিন্তাশক্তি নারীদের তুলনায় অনেক নিচে ছিল। গবেষকরা এর সম্ভাব্য কারণ হিসেবে পুরুষদের অস্বাস্থ্যকর জীবনযাপন বা পরিবারের প্রধান উপার্জনকারী হওয়ার বাড়তি মানসিক চাপকে দায়ী করেছেন। এছাড়াও যাদের মধ্যে আলঝেইমার রোগের ঝুঁকি বা জিনগত বিশেষ ধরন রয়েছে, তাদের ক্ষেত্রে এই ক্ষতির প্রভাব আরও বেশি দেখা গেছে।

পরামর্শ

গবেষণাটির জ্যেষ্ঠ লেখক অধ্যাপক প্রবিতা পাতালয় জানান, দারিদ্র্য বিমোচন ও আর্থিক সহায়তার মাধ্যমে মানুষের মস্তিষ্কের স্বাস্থ্যের অবনতি এবং ভবিষ্যৎ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের ঝুঁকি কমানো সম্ভব। জীবনভর আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা মস্তিষ্কেরুণ সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment