৪৫ মিলিয়ন ডলারের বেশি পাওনা নিয়ে দেউলিয়া সুরক্ষার আবেদন লিভ গলফের

September 9, 2026

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দেউলিয়া সুরক্ষার আবেদন করেছে লিভ গলফ, যার মাধ্যমে তারা কোম্পানি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড়দের প্রায় ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি বকেয়া পাওনা রয়েছে এবং এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা ব্যবসার কাঠামো টিকিয়ে রাখতে চায়। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বড় অংকের তহবিল প্রত্যাহার করে নেওয়ায় প্রতিষ্ঠানটি এই সংকটের মুখে পড়েছে।

লিভ গলফের দেওয়া নথিপত্র অনুযায়ী, শীর্ষ ৩০ জন পাওনাদারের তালিকায় রয়েছেন জন রাম, ব্রাইসন ডিচ্যাম্বো, ডাস্টিন জনসন এবং ক্যামেরন স্মিথের মতো বড় তারকারা। শুধুমাত্র জন রামের পাওনা প্রায় সাড়ে সাত মিলিয়ন ডলার। এছাড়া ব্রুকস কোপকা, যিনি পিজিএ ট্যুরে ফিরে গেলেও লিভ গলফের কাছে তার পাওনা রয়েছে ১ দশমিক ৭ মিলিয়ন ডলার।

লিভ গলফের নতুন বিনিয়োগকারী হিসেবে বিসি পার্টনার্স নামের একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। পিআইএফ জানিয়েছে, তাদের দীর্ঘমেয়াদী কৌশলের সঙ্গে লিভ গলফের বিশাল ব্যয় সামঞ্জস্যপূর্ণ নয়। তবে দেউলিয়া প্রক্রিয়া পরিচালনার জন্য তারা প্রায় ৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে।

এই আইনি প্রক্রিয়ার ফলে লিভ গলফের পূর্ববর্তী চুক্তিগুলো শেষ হয়ে যাবে। এর মাধ্যমে খেলোয়াড়দের নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। যদিও খেলোয়াড়দের নতুন মালিকানাধীন লিগ বা লিভ ২.০-এ যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

লিভ গলফের প্রধান নির্বাহী স্কট ওনিল জানিয়েছেন, এই সময়টি তাদের আর্থিক বাধ্যবাধকতা মেটাতে এবং পরবর্তী পর্যায়ের কাঠামো তৈরিতে সহায়তা করবে। আগামী বছরের শুরুতে খেলোয়াড়দের মালিকানাধীন নতুন এই লিগ শুরুর পরিকল্পনা রয়েছে। নতুন মডেল অনুযায়ী খেলোয়াড়দের ইকুইটি এবং বাণিজ্যিক স্বত্ব ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা আগের তুলনায় ভিন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment