যুক্তরাজ্যের ব্রেন্টউডে অনুষ্ঠিত ইংলিশ ওপেনের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা মার্ক সেলবিসহ শীর্ষস্থানীয় স্নুকার তারকারা। মঙ্গলবার অনুষ্ঠিত এসব ম্যাচে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন মার্ক সেলবি, জাড ট্রাম্প ও মার্ক উইলিয়ামস। আসরের প্রথম ধাপের এই জয়গুলো টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে তাদের অবস্থান শক্তিশালী করেছে।
মঙ্গলবার হওয়া লড়াইয়ে মার্ক সেলবি ৪-৩ ফ্রেমে হারিয়েছেন রিকি ওয়ালডেনকে। এক পর্যায়ে সেলবি ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬৯ পয়েন্টের ব্রেক নিয়ে ম্যাচটি নিজেদের করে নেন এই বিশ্ব তারকা।
দিনের অন্যান্য ম্যাচে জাড ট্রাম্প ৪-০ ফ্রেমে নর্দান আয়ারল্যান্ডের জর্ডান ব্রাউনকে পরাজিত করেছেন। এছাড়া ওয়েলসের মার্ক উইলিয়ামস হারিয়েছেন থানাওয়াত তিরাপংপিবুনকে। শীর্ষ দশের অন্য খেলোয়াড়দের মধ্যে উ ইজে ৪-১ ফ্রেমে ইয়াং গাওকে এবং ব্যারি হকিন্স ৪-২ ফ্রেমে লিউ হাওতিনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। শন মার্ফি ৪-২ ফ্রেমে আরতেমিজ জিজিনসকে হারিয়েছেন।
দ্বিতীয় রাউন্ডের লড়াই
পরের রাউন্ডে মার্ক সেলবি মুখোমুখি হবেন চীনের ঝাং আন্দার। জাড ট্রাম্পের প্রতিপক্ষ অ্যাশলি কার্টি। এছাড়া মার্ক উইলিয়ামস লড়বেন ম্যাথু সেল্টের বিপক্ষে, উ ইজে খেলবেন শু সির সাথে এবং শন মার্ফি মুখোমুখি হবেন জেমি ক্লার্কের।