যুক্তরাজ্যের রেক্সহামে বার্নলির বিপক্ষে গত মঙ্গলবার ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন রেক্সহ্যামের ডিফেন্ডার ম্যাক ক্লওর্থ। দলের ম্যানেজার ফিল পারকিনসন জানিয়েছেন, চোট গুরুতর হওয়ায় ২৪ বছর বয়সী এই খেলোয়াড়কে অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। রক্ষণভাগের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি রেক্সহ্যামের পরবর্তী ম্যাচগুলোতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ম্যানেজার ফিল পারকিনসন বলেন, বল দখলের লড়াইয়ে অতিরিক্ত টান লাগার কারণে ক্লওর্থের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। এটি যতটা ভেবেছিলাম তার চেয়ে কিছুটা গুরুতর। আগামী আট সপ্তাহ তাকে খেলার বাইরে থাকতে হবে।
ক্লওর্থ গত তিনটি ম্যাচে টানা শুরুর একাদশে ছিলেন। তার অনুপস্থিতিতে রক্ষণভাগ সাজাতে নতুন কৌশল অবলম্বন করতে হবে কোচকে। তবে পারকিনসন মনে করেন, দলে পর্যাপ্ত বিকল্প খেলোয়াড় রয়েছে। তিনি বলেন, ম্যাক ভালো খেলছিল, কিন্তু আমাদের কাছে জ্যাক ভাইনার, অ্যারন জেমস, ডম হায়াম এবং জো ওরেলের মতো খেলোয়াড়রা রয়েছে, যারা রক্ষণভাগে দায়িত্ব নিতে সক্ষম।
ইনজুরি নিয়ে সুখবরও রয়েছে দলে। বার্নলির বিপক্ষে ম্যাচে পাওয়া চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন ম্যানেজার। তিনি জানান, ফরোয়ার্ড জশ উইন্ডাস সম্পূর্ণ সুস্থ এবং ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের জন্য তিনি উপলব্ধ থাকবেন। এছাড়া ইনজুরি কাটিয়ে মিডফিল্ডার বেন শিফও দলের সাথে যোগ দিয়েছেন, যা আগামী ম্যাচগুলোর আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে।