পাপুয়া নিউ গিনির জঙ্গলে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির সাপের নামকরণ করা হয়েছে বিখ্যাত রক ব্যান্ড গানস এন’ রোজেসের গিটারিস্ট স্লাশের নামে। ফিল্ড মিউজিয়ামের গবেষকরা এই সাপটির নাম দিয়েছেন ‘লিয়েলাফিস স্লাশি’ (Lielaphis slashi)। সরীসৃপদের প্রতি শৈশব থেকেই স্লাশের গভীর আগ্রহের বিষয়টি মাথায় রেখেই এই ব্যতিক্রমী সম্মান জানানো হয়েছে।
গবেষকদের ভাষ্য অনুযায়ী, এটি একটি বিষহীন সাপ। এর শারীরিক গঠন ও জেনেটিক পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, এটি আগে কখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। সাপটির প্রধান খাদ্যের তালিকায় রয়েছে ছোট গিরগিটি ও সরীসৃপের ডিম।
এই নামকরণের পেছনে থাকা ফিল্ড মিউজিয়ামের হারপেটোলজির সহযোগী কিউরেটর সারা রুয়েন জানান, ছোটবেলা থেকেই তিনি স্লাশের ভক্ত ছিলেন। তিনি বলেন, স্লাশ ব্যক্তিগতভাবে সরীসৃপ ও প্রাকৃতিক ইতিহাসের প্রতি অত্যন্ত অনুরাগী, যা তাকে এই নামকরণের জন্য অনুপ্রাণিত করেছে।
নিজে এই সম্মান পেয়ে স্লাশ জানিয়েছেন, তিনি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। তিনি কখনও ভাবেননি যে তার নামে কোনো প্রাণীর নামকরণ করা হবে।
নিউ গিনির গভীর অরণ্যে ২০০৬ সালে প্রথম এই সাপটি নজরে আসে লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস অস্টিনের। পরবর্তী সময়ে দীর্ঘ গবেষণায় সাপটির প্রজাতিগত ভিন্নতা নিশ্চিত করা হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সাপটি প্রধানত নিশাচর এবং বড় গাছের গোড়ায় এদের দেখা পাওয়া যায়।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, কফি চাষ এবং খনি শিল্পের কারণে নিউ গিনির বনভূমি ও জীববৈচিত্র্য হুমকির মুখে রয়েছে। নতুন এই প্রজাতির সাপের অস্তিত্ব রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বুঝতে এমন আবিষ্কার অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা।