দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলে সাম্প্রতিক সময়ে নয়জন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাবুলিল এনটিম্বা নামে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এই দুই নারীকে প্রাক-পরিকল্পিত হত্যা ও বিচারিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল পুলেং ডিমপানে, যিনি এটিকে মামলার তদন্তে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন।
জাবুলিল এনটিম্বার মরদেহ গত বৃহস্পতিবার ডন পার্ক এলাকায় একটি চাদরে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পাওয়া যায়। এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি, এনটিম্বার হত্যাকাণ্ডটি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বা প্রেমের ত্রিভুজ থেকে সংঘটিত হয়ে থাকতে পারে।
পুলিশের ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল তেবালো মোসিকিলি জানিয়েছেন, উদ্ধার হওয়া নয়টি মরদেহ একই সূত্রে গাঁথা কি না বা এর পেছনে কোনো সিরিয়াল কিলার জড়িত কি না, তা খতিয়ে দেখতে বিশ্লেষকদের একটি দল কাজ করছে। সাম্প্রতিক এই হত্যাকাণ্ডগুলোর ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় লিঙ্গভিত্তিক সহিংসতার হার বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে হত্যার হারও অনেক বেশি। দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশনের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রতিদিন গড়ে ছয়জন নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যা দেশটিতে নারীদের নিরাপত্তার ঝুঁকিকে প্রকট করে তুলেছে।