নরওয়ের অসলোতে রাজা পঞ্চম হারাল্ডের স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানিয়েছে রাজপ্রাসাদ। রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসার জন্য ৮৯ বছর বয়সী এই রাজা বর্তমানে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে (রিকশসপিটাল) চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলেও তিনি চিকিৎসা গ্রহণ করছেন বলে প্রাসাদ সূত্রে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি তার রাজকীয় দায়িত্ব থেকে ছুটিতে থাকবেন।
অসুস্থতার কারণ
১৯৯১ সাল থেকে সিংহাসনে থাকা রাজা এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন এবং তাকে অসুস্থতাজনিত ছুটিতে পাঠানো হয়। রাজার অনুপস্থিতিতে তার ছেলে ক্রাউন প্রিন্স হাকোন বর্তমানে রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজা হারাল্ড সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিমোলাইটিক অ্যানিমিয়া নামক একটি বিরল রক্তরোগের জন্য কর্টিসোন চিকিৎসা নিচ্ছিলেন। এই রোগের কারণে শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, যা ক্লান্তি এবং শ্বাসকষ্ট সৃষ্টি করে।
পূর্বের শারীরিক জটিলতা
২০২৪ সালের এপ্রিলে রাজার বয়স বিবেচনায় তার জনসম্পৃক্ত কার্যক্রম স্থায়ীভাবে কমানোর ঘোষণা দিয়েছিল রাজপরিবার। সেই বছরই মালয়েশিয়ায় ছুটিতে থাকার সময় অসুস্থ হয়ে পড়লে তার শরীরে পেসমেকার বসানো হয়েছিল।
রাজপরিবারের অন্যান্য চ্যালেঞ্জ
২০২৬ সালে নরওয়ের রাজপরিবার বেশ কয়েকটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত জুন মাসে ক্রাউন প্রিন্সেস মেট-মেরিট ফুসফুস প্রতিস্থাপনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছেন, যাকে ২০১৮ সালে পালমোনারি ফাইব্রোসিস ধরা পড়েছিল। এর মাত্র দুদিন আগে মেট-মেরেটের ছেলে মারিয়াস বোরগ হোইবি ধর্ষণের অভিযোগে চার বছরের কারাদণ্ড পেয়েছেন। এছাড়া বছরের শুরুতে মেট-মেরেটের সঙ্গে মৃত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের যোগাযোগের তথ্য প্রকাশ পেলে তিনি এ নিয়ে ক্ষমা চেয়েছেন এবং তার বন্ধুত্বের ঘটনাকে বিচারবুদ্ধির ভুল বলে স্বীকার করেছেন।