যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ আধুনিক টিভিতে ব্লুটুথ সুবিধা থাকলেও পুরোনো মডেলগুলোতে এই সুবিধা থাকে না। অডিও শোনার অভিজ্ঞতা উন্নত করতে এবং ব্লুটুথ হেডফোন বা স্পিকার ব্যবহারের সুবিধার্থে টিভিতে ব্লুটুথ যুক্ত করা গুরুত্বপূর্ণ।
স্ট্রিমিং ডিভাইসের ব্যবহার
আপনার টিভিতে ব্লুটুথ সুবিধা না থাকলে অ্যাপল টিভি, রোকু বা ফায়ার টিভি স্টিকের মতো স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করা একটি সহজ সমাধান। এই ডিভাইসগুলোতে ব্লুটুথ ফিচার স্ট্যান্ডার্ড হিসেবে থাকে, ফলে হেডফোন বা কিবোর্ড সহজেই সংযুক্ত করা যায়। রোকু স্ট্রিমিং স্টিক এইচডি-র মতো সাশ্রয়ী ডিভাইসের মাধ্যমে টিভির পুরনো অপারেটিং সিস্টেমকে আধুনিক করার পাশাপাশি ব্লুটুথ সুবিধাও পাওয়া সম্ভব। তবে এই পদ্ধতিতে ব্লুটুথ এক্সেসরিজ শুধুমাত্র স্ট্রিমিং ডিভাইসের ইনপুট সোর্স চলাকালীন কাজ করবে।
ব্লুটুথ ট্রান্সমিটারের কার্যকারিতা
ইউনিভার্সাল সমাধানের জন্য একটি ডেডিকেটেড ব্লুটুথ ট্রান্সমিটার কেনা সবচেয়ে ভালো উপায়। এই ডিভাইসটি টিভির অডিও আউটপুট পোর্টে যুক্ত করতে হয়। টিভির অডিও সিগন্যাল ট্রান্সমিটারের মাধ্যমে ব্লুটুথ সিগন্যালে রূপান্তরিত হয়ে হেডফোন বা ইয়ারবাডে পৌঁছায়।
ট্রান্সমিটার সেটআপ করার নিয়ম
আপনার টিভির মডেল অনুযায়ী অপটিক্যাল পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক বা আরসিএ আউটপুট ব্যবহার করে ট্রান্সমিটার সংযুক্ত করা যায়। ট্রান্সমিটারটির পাওয়ার সাপ্লাইয়ের জন্য টিভির ইউএসবি পোর্ট ব্যবহার করা সম্ভব। ভালো মানের অডিও অভিজ্ঞতা এবং ভিডিওর সাথে শব্দের ল্যাগ বা বিলম্ব কমাতে ‘অ্যাপটএক্স লো ল্যাটেন্সি’ (aptX Low Latency) কোডেক সমর্থন করে এমন ট্রান্সমিটার বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।