যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এইচবিওর বহুল প্রতীক্ষিত হ্যারি পটার সিরিজের নতুন কাস্ট হিসেবে কিট হ্যারিংটনের নাম ঘোষণা করা হয়েছে। সিরিজের দ্বিতীয় সিজনে জাদুকরী জগতের জনপ্রিয় চরিত্র গিল্ডেরয় লকহার্ট হিসেবে দেখা যাবে তাকে। শিডিউলে জটিলতা থাকায় এই চরিত্র থেকে সরে দাঁড়িয়েছেন এক্স-ম্যান তারকা নিকোলাস হল্ট। বিষয়টি নিশ্চিত করেছে এইচবিও কর্তৃপক্ষ।
গেম অফ থ্রোনস সিরিজে জন স্নো চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত কিট হ্যারিংটন। হ্যারি পটার সিরিজের এই চরিত্রের বিষয়ে তিনি জানান, জে.কে. রাউলিংয়ের এই সিরিজের তিনি একজন বড় ভক্ত। অডিওবুক সংস্করণে এর আগে লকহার্ট চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তাই পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলা তার জন্য স্বপ্ন পূরণের মতো।
এইচবিও জানিয়েছে, দ্বিতীয় সিজনে হ্যারি পটারের দ্বিতীয় বর্ষের কাহিনী তুলে ধরা হবে। মূলত জে.কে. রাউলিংয়ের সিরিজের দ্বিতীয় বই ‘দ্য চেম্বার অফ সিক্রেটস’-এর ওপর ভিত্তি করে এটি নির্মিত হচ্ছে। সিরিজের মূল চরিত্র হ্যারি পটারের ভূমিকায় দেখা যাবে ডমিনিক ম্যাকলাফলিনকে। এছাড়া আলিস্টার স্টাউট থাকছেন রন উইজলি হিসেবে এবং আরবেলা স্ট্যান্টন অভিনয় করবেন হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে।
এই সিরিজে বিখ্যাত ডাম্বলডোর চরিত্রে অভিনয় করবেন অস্কার মনোনীত অভিনেতা জন লিথগো এবং রুবিয়াস হ্যাগ্রিড হিসেবে থাকছেন নিক ফ্রস্ট। সিরিজের বেশ কিছু পর্ব পরিচালনা করছেন মার্ক মাইলোড, যিনি এর আগে গেম অফ থ্রোনসের কাজও করেছেন। জে.কে. রাউলিংয়ের সাতটি বইয়ের ওপর ভিত্তি করে এই সিরিজটি সম্পন্ন করতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।