যুক্তরাষ্ট্রে বাজারে এলো আসুসের প্রথম গেমিং সাউন্ডবার

August 25, 2026

যুক্তরাষ্ট্রের বাজারে ৬০০ ডলার মূল্যে কেনা যাচ্ছে আসুসের প্রথম গেমিং সাউন্ডবার আরওজি গ্যালার। মাল্টিপ্লেয়ার গেমিংয়ের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে এটি তৈরি করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। গেমাররা যাতে হেডসেট ছাড়াই স্বচ্ছভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেজন্য এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ইন-গেম অডিও এবং সতীর্থদের কণ্ঠস্বর পরিষ্কার রেখে ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টার করতে সক্ষম।

নরস পুরাণের কিংবদন্তি শিঙা গ্যালারহর্নের নামানুসারে এই সাউন্ডবারের নামকরণ করা হয়েছে। এতে ৫.১.২ চ্যানেল স্পিকার কনফিগারেশন রয়েছে, যা ত্রিমাত্রিক ডলবি অ্যাটমস অডিও ইফেক্ট দিতে সক্ষম। ল্যাগ এড়াতে এতে ৬.৫ ইঞ্চির ৬৫ ওয়াটের একটি ওয়্যারলেস সাবউফার যুক্ত করা হয়েছে, যা ৫ গিগাহার্টজ সংযোগের মাধ্যমে মূল ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে। এর কন্ট্রোল হাবটিতে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে, যেখান থেকে ব্যবহারকারীরা ভলিউম, প্লেব্যাক, ইনপুট নির্বাচন এবং ইকুয়ালাইজার প্রোফাইল নিয়ন্ত্রণ করতে পারেন।

বিভিন্ন ডিভাইসের সঙ্গে ব্যবহারের জন্য এতে ইউএসবি-সি, এইচডিএমআই ২.১, অপটিক্যাল, ৩.৫ এমএম অক্স এবং ব্লুটুথ ৫.৩ সংযোগের সুবিধা রাখা হয়েছে। পিসি, ম্যাক, মোবাইল, প্লেস্টেশন, এক্সবক্স এবং নিনটেনডো সুইচের মতো ডিভাইসের সঙ্গে এটি সহজে সংযুক্ত করা সম্ভব। এছাড়া এতে দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট রয়েছে যা অন্যান্য এক্সেসরিজ ব্যবহারের কাজে আসবে। বর্তমানে বেস্ট বাই এবং আসুসের মার্কিন ওয়েবসাইটে পণ্যটি তালিকাভুক্ত করা হয়েছে। আগ্রহী গ্রাহকরা আসুসের ওয়েবসাইট থেকে পণ্যটি স্টকে আসার নোটিফিকেশন পেতে পারেন।

Leave a Comment