সুইজারল্যান্ডের জুরিখে ফিফার প্রধান কার্যালয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কর্মকাণ্ডের বিরুদ্ধে একজোট হয়েছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। ফুটবলের মূল মূল্যবোধ রক্ষা এবং সংস্থাটির কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের দাবিতে সোমবার ‘এনাফ ইজ এনাফ’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে এই বিবৃতিটি প্রকাশ করেন, যা লুসি ব্রোঞ্জ, এমানুয়েল পেটিট ও ডেভিড জেমসের মতো তারকারা সমর্থন জানিয়েছেন।
কেন এই বিরোধিতা
ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে বলে মনে করছেন ফুটবলাররা। বিশেষ করে, ফিফার বিভিন্ন টুর্নামেন্টের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। ফুটবলারদের দাবি, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড় বা সমর্থকদের মতামতের তোয়াক্কা করছে না ফিফা। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান নেতৃত্বের ব্যক্তিগত স্বার্থ ও ফুটবলের স্বার্থ গুলিয়ে ফেলায় পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
উয়েফা ও অন্যান্যদের অবস্থান
ইনফান্তিনোর ওপর চাপ ক্রমশ বাড়ছে। উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন ফিফার সব টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছেন এবং আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে ইনফান্তিনোকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এর আগে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোও ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।
সমর্থনে স্যামুয়েল ইতো
তবে এই সংকটের মধ্যেও ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো ইনফান্তিনোর পক্ষে দাঁড়িয়েছেন। তার মতে, ইনফান্তিনো ফুটবলকে ইতিবাচক পরিবর্তন দিয়েছেন এবং বিশেষ করে ছোট দেশগুলোকে বিশ্বকাপের মতো বড় আসরে খেলার সুযোগ করে দিয়ে আফ্রিকার মতো অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করেছেন।