যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স জনপ্রিয় গেম গ্র্যান্ড থেফট অটো সিক্সের (জিটিএ সিক্স) নতুন ও বর্ধিত ট্রেইলারের ছয় ঘণ্টার এক্সক্লুসিভ স্বত্ব কিনেছে। আগামী বৃহস্পতিবার, ২৭ আগস্ট বিকেল ৩টা (ইটি) থেকে শুধুমাত্র নেটফ্লিক্স গ্রাহকরা এই ট্রেইলারটি দেখতে পাবেন। ছয় ঘণ্টা পর রাত ৯টা থেকে ট্রেইলারটি রকস্টার গেমসের ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
জিটিএ সিক্সের এই বিশেষ প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’। নেটফ্লিক্সের পক্ষ থেকে গ্রাহকদের এখনই ট্রেইলারটির জন্য রিমাইন্ডার সেট করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার নন, তারা পরবর্তীতে ইউটিউব থেকে বিনামূল্যে এটি দেখার সুযোগ পাবেন।
কেন এই কৌশল
গেমটির জনপ্রিয়তা ও সাংস্কৃতিক প্রভাব বিবেচনা করে নেটফ্লিক্স এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি নেটফ্লিক্স তাদের নিজস্ব গেম স্টুডিওগুলো বন্ধ করে দিলেও, বড় কোনো গেমের প্রচারণায় যুক্ত হওয়ার মাধ্যমে স্ট্রিমিং বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার আগামী ১৯ নভেম্বর জিটিএ সিক্স বাজারে আনার ঘোষণা দিয়েছে, যার প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ ডলার।