নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে রাজপরিবারের সদস্যরা

August 27, 2026

নরওয়ের রাজধানী অসলোতে রাজা পঞ্চম হারাল্ডের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পরিবারের সদস্যরা ওসলো ইউনিভার্সিটি হাসপাতালে সমবেত হয়েছেন। রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৯ বছর বয়সী রাজার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। এই পরিস্থিতিতে রাজা ও রাজপরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রাসাদের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ।

রাজার অসুস্থতার খবরে রানি সোনজা এবং ক্রাউন প্রিন্স হাকোন তাদের পূর্বনির্ধারিত রাজকীয় সব কর্মসূচি বাতিল করে হাসপাতালে ছুটে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রাউন প্রিন্সেস মেট-মেরিটকেও রাজপুত্রের সঙ্গে হাসপাতালে দেখা গেছে। এছাড়া প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা, প্রিন্স স্ভের ম্যাগনাস এবং রাজার বোন প্রিন্সেস অ্যাস্ট্রিডও তাকে দেখতে যান।

হাসপাতালে চিকিৎসাধীন রাজার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্যে রাজপ্রাসাদ জানিয়েছে, গত ১০ দিন ধরে তিনি হিমোলাইটিক অ্যানিমিয়া নামক বিরল রক্তজনিত সমস্যায় ভুগছেন। এই রোগের কারণে শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়ায় তিনি ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব করছেন। তাকে কর্টিসোন চিকিৎসা দেওয়া হচ্ছে।

১৯৯১ সাল থেকে সিংহাসনে থাকা রাজা পঞ্চম হারাল্ড ইউরোপের বয়োজ্যেষ্ঠ রাষ্ট্রপ্রধান। তার অনুপস্থিতিতে বর্তমানে ক্রাউন প্রিন্স হাকোন রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজার অসুস্থতার গুরুত্ব অনুধাবন করে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর জার্মানি সফর বাতিল করেছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, পুরো দেশ এখন রাজা এবং রাজপরিবারের পাশে রয়েছে। রাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়লে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের নিয়মিত সম্প্রচার বন্ধ করে ঘটনার আপডেট প্রচার শুরু করেছে।

গত কয়েক বছরে রাজা পঞ্চম হারাল্ডের স্বাস্থ্যের একাধিকবার অবনতি হয়েছে। এর আগে ২০২৪ সালে মালয়েশিয়ায় অসুস্থ হয়ে পড়ার পর তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছিল। সাম্প্রতিক সময়ে অসুস্থতার কারণে তাকে অনেক রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়েছে।

Leave a Comment