যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এনএফএল-এর বর্তমান সুপার বোল চ্যাম্পিয়ন দল সিয়াটল সিহকস ৯.৬১২ বিলিয়ন ডলারের রেকর্ড মূল্যে বিক্রি হতে যাচ্ছে। বিলিয়নেয়ার বিনোদ খোসলার নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী দলের কাছে এই ফ্র্যাঞ্চাইজি হস্তান্তরের বিষয়টি এনএফএল মালিকদের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। উত্তর আমেরিকার ক্রীড়া ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের মালিকানা পরিবর্তনের ঘটনা।
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল জি অ্যালেনের মৃত্যুর পর তার এস্টেট থেকে এই দলটির মালিকানা খোসলা পরিবারের কাছে হস্তান্তরের চুক্তিটি ১১ জুলাই স্বাক্ষরিত হয়। চুক্তিটি কার্যকর হতে অন্তত ২৪ জন মালিকের সমর্থনের প্রয়োজন ছিল। ২০২৩ সালে ওয়াশিংটন কমান্ডারস ৬.০৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল, তবে নতুন এই চুক্তি সেই রেকর্ড অতিক্রম করল।
মালিকানা হস্তান্তর প্রসঙ্গে বিনোদ খোসলা বলেন, সিয়াটল সিহকসের দায়িত্ব পাওয়াটা তাদের জন্য সম্মানের। বর্তমান জয়ী দলের উত্তরাধিকার বজায় রাখা এবং ভক্তদের আস্থা অর্জন করাই তাদের লক্ষ্য। তিনি আরও জানান, দলের ধারাবাহিক জয় নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।
উল্লেখ্য, বিনোদ খোসলা সান মাইক্রোসিস্টেমসের সহ-প্রতিষ্ঠাতা এবং খোসলা ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা। এই চুক্তি অনুযায়ী তাকে সান ফ্রান্সিসকো ফোর্টি নাইনার্স দলের সামান্য অংশীদারিত্ব ছেড়ে দিতে হবে। পল অ্যালেন ১৯৯৭ সালে দলটি কিনেছিলেন এবং তার বোন জোডি অ্যালেন তার মৃত্যুর পর থেকে এটি পরিচালনা করে আসছিলেন। অ্যালেন পরিবারের তত্ত্বাবধানে দলটি ১৭ বার প্লে-অফে খেলেছে এবং চারটি সুপার বোলের মধ্যে দুটিতে জয়ী হয়েছে।