যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ইউএস ওপেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ তার কবজির দীর্ঘমেয়াদী ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরার চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই রাশিয়ার রোমান সাফিউলিনের বিপক্ষে খেলবেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। কবজির প্রদাহের কারণে গত চার মাসেরও বেশি সময় ধরে কোনো প্রতিযোগিতামূলক একক ম্যাচ খেলেননি তিনি।
গত বছর নিউইয়র্কে শিরোপা জেতা আলকারাজকে এবারও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ইয়ানিক সিনার হাঁটুর ইনজুরির কারণে নাম প্রত্যাহার করায় তার পথ কিছুটা সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকা এবং ইনজুরি থেকে ফেরার পর পাঁচ সেটের গ্র্যান্ড স্লাম ম্যাচে লড়াই করা আলকারাজের জন্য বেশ কঠিন হবে।
সাফিউলিনের শক্তিশালী সার্ভ এবং আক্রমণাত্মক খেলার ধরন আলকারাজের জন্য প্রথম ধাপেই বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। রাশিয়ার ২৯ বছর বয়সী এই তারকা গত মাসে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে খেলেছেন, যা আলকারাজের জন্য উদ্বেগ বাড়াতে পারে।
টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডগুলোতে টমি পল, আলেক্সান্ডার বুবলিক, আর্থার ফিলস বা বেন শেলটনের মতো কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হতে পারে আলকারাজকে। এমনকি সেমিফাইনালে নোভাক জোকোভিচের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। নিজের কবজির ইনজুরি এই দীর্ঘ ও কঠিন টুর্নামেন্টের ধকল কতটা সহ্য করতে পারবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের যাত্রা শুরু হবে আর্জেন্টিনার মারিয়ানো নাভনের বিপক্ষে। নারী বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা কলম্বিয়ার ক্যামিলা ওসোরিও’র বিপক্ষে তার মিশন শুরু করবেন। ব্রিটেনের টেনিস খেলোয়াড়দের মধ্যে আর্থার ফেরি এবং কেটি বোল্টারসহ আরও কয়েকজন ইউএস ওপেনে অংশ নিচ্ছেন।