যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্লু-স্কাই তাদের প্ল্যাটফর্মে নতুন একটি গোপনীয়তা সেটিংস যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের অনিচ্ছাকৃতভাবে ভাইরাল হওয়া থেকে রক্ষা করবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্টগুলোকে অ্যালগরিদমিক ‘ডিসকভার’ ফিডে দেখানো থেকে বিরত রাখতে পারবেন।
নতুন এই ফিচারটি অ্যাপের প্রাইভেসি সেটিংসে পাওয়া যাবে। এটি মূলত একটি অ্যাকাউন্ট-লেভেল কন্ট্রোল টুল, যা সচল করলে ব্যবহারকারীর কোনো পোস্টই তাদের ফলোয়ার নয় এমন ব্যক্তিদের কাছে ডিসকভার ফিডে প্রদর্শিত হবে না। এর ফলে কোনো ব্যবহারকারী অজান্তেই মূলধারার আলোচনার কেন্দ্রে বা ভাইরাল হওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন।
তবে এই ফিচারটি সক্রিয় করলেই যে পোস্টগুলো সম্পূর্ণ ব্যক্তিগত বা অদৃশ্য হয়ে যাবে, তা নয়। ব্লু-স্কাইয়ে অন্যান্য প্ল্যাটফর্মের মতো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা প্রাইভেট অ্যাকাউন্টের সুবিধা নেই। এছাড়া, এপি প্রোটোকল ব্যবহার করে এমন অন্যান্য কিউরেটেড ফিড বা সেবায় পোস্টগুলো রয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
ব্লু-স্কাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিয়ন্ত্রণের জন্য কাজ করা কয়েকটি আপডেটের অংশ মাত্র। ভবিষ্যতে ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষায় আরও নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।