৩৪ বছর বয়সে মারা গেলেন বিশ্বের কনিষ্ঠতম রাজা ওয়ো নাইম্বা

August 28, 2026

উগান্ডার পশ্চিমাঞ্চলীয় তোরো রাজ্যের রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ ৩৪ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রোমাইরে আকিকি। এই মৃত্যুতে রাজপরিবারসহ পুরো তোরো রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিশ্বের কনিষ্ঠতম শাসক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন, যা তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি দিয়েছিল।

১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে নিজের বাবার মৃত্যুর পর ওয়ো নাইম্বা তোরো রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। পরবর্তীতে ১৮ বছর বয়সে ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে তার অভিষেক সম্পন্ন হয়। তিনি তোরো রাজ্যের ত্রয়োদশ রাজা হিসেবে ২০ লাখের বেশি মানুষের প্রতিনিধিত্ব করতেন। তার মৃত্যুর সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন।

উগান্ডায় নির্বাচিত রাষ্ট্রপতি ও পার্লামেন্ট থাকলেও ঐতিহ্যবাহী রাজ্যগুলোর সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা না থাকলেও তাদের বিশাল সাংস্কৃতিক প্রভাব রয়েছে। তোরো রাজ্যের উত্তরাধিকারী সংক্রান্ত নিয়ম অনুযায়ী, রাজার মৃত্যুর পর নতুন উত্তরাধিকারী নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রোমাইরে আকিকি জানিয়েছেন, রাজার উত্তরাধিকারী হিসেবে একজন রাজপুত্রের নাম যথাযথ সময়ে ঐতিহ্য মেনে ঘোষণা করা হবে।

তার শাসনামলে রাজা ওয়ো যুব ক্ষমতায়ন, শিক্ষা, জলবায়ু পরিবর্তন রোধ এবং এইচআইভি/এইডস সচেতনতার মতো সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার প্রয়াণে শোক প্রকাশ করেছে উগান্ডার বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এছাড়া দেশটির ফুটবল ফেডারেশন তার প্রতি সম্মান জানিয়ে সব ম্যাচে নীরবতা পালনের ঘোষণা দিয়েছে। তোরো রাজ্যের পক্ষ থেকে শোকের সময়ে এক মিলিয়ন বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Leave a Comment