অ্যানথ্রপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করলেন আদালত

August 28, 2026

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফেডারেল আদালত রায় দিয়েছে যে, এআই কোম্পানি অ্যানথ্রপিককে সরবরাহ চেইন ঝুঁকি হিসেবে পেন্টাগনের চিহ্নিত করার প্রক্রিয়াটি ছিল অবৈধ। মার্কিন ডিস্ট্রিক্ট জজ রিটা লিন তার ৫৯ পৃষ্ঠার রায়ে দেশটির প্রতিরক্ষা বিভাগের দেওয়া বিধিনিষেধকে অবৈধ ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এই রায়ের অংশ হিসেবে, বিচারক কিছু ফেডারেল সংস্থাকে অ্যানথ্রপিকের টুলস ব্যবহার বন্ধ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ কার্যকর করা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন।

জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সরকারি সমালোচকদের শাস্তি দেওয়া বা প্রতিশোধ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন বিচারক লিন। তিনি জানান, সংবিধান বা কোনো ফেডারেল আইন অ্যানথ্রপিকের মতো কোম্পানিকে তাদের মত প্রকাশের জন্য ঢালাওভাবে দণ্ড দেওয়ার অনুমতি দেয় না। আদালতের এই রায়ের পর অ্যানথ্রপিকের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকারের সাথে কাজ করার ব্যাপারে তারা আগ্রহী।

বিবাদের সূত্রপাত

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিরক্ষা বিভাগ এবং দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ অ্যানথ্রপিকের এআই সিস্টেম থেকে নির্দিষ্ট কিছু সুরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তবে অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদি তাদের মডেল গণ নজরদারি বা স্বায়ত্তশাসিত অস্ত্র তৈরিতে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। এর প্রতিক্রিয়ায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্প সব মার্কিন সরকারি সংস্থাকে ক্লদসহ অ্যানথ্রপিকের সব সেবা বন্ধ করার নির্দেশ দেন।

পরবর্তী পদক্ষেপ

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যানথ্রপিক দুটি ফেডারেল আদালতে মামলা করে। বিচারক রিটা লিনের এই রায় কোম্পানিটির জন্য একটি বড় আইনি জয় হিসেবে দেখা হচ্ছে। তবে অ্যানথ্রপিককে সরবরাহ চেইন ঝুঁকি হিসেবে চিহ্নিত করার দ্বিতীয় মামলাটির রায় এখনো বাকি রয়েছে। এছাড়া উভয় মামলায় জয়লাভ করলেও প্রতিরক্ষা বিভাগ কোম্পানিটির সাথে পুনরায় কাজ শুরু করতে বাধ্য থাকবে না। সব জটিলতা সত্ত্বেও অ্যানথ্রপিকের ব্যবসায়িক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে এবং চলতি বছরের শেষের দিকে কোম্পানিটি তাদের আইপিও নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে।

Leave a Comment